২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারকে চাপে রাখতে পোপের ভূমিকা চান রাষ্ট্রপতি

নিপীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে চাপে রাখতে ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বঙ্গভবন প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2017, 09:10 PM

Updated : 19 Aug 2022, 06:05 PM

বৃহস্পতিবার বঙ্গভবনে আবদুল হামিদের সঙ্গে একান্ত বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

বিকালে ঢাকায় আসার পর সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও ধানমণ্ডিতে বঙ্গবন্ধু জাদুঘর ঘুরে বঙ্গভবনে যান পোপ ফ্রান্সিস।

প্রেস সচিব সাংবাদিকদের বলেন, “বৈঠকে রাষ্ট্রপতি বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা রোহিঙ্গা ইস্যুতে যাতে মিয়ানমারকে অব্যাহত চাপ প্রয়োগ করতে পারে সেলক্ষ্যে পোপের ভূমিকা প্রত্যাশা করেন।”

রাষ্ট্রপতি রোহিঙ্গা ইস্যুতে পোপের অবস্থানের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, তার এই অবস্থান মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনে ইতিবাচক অবদান রাখবে।

ভ্যাটিকেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উল্লেখ করে আবদুল হামিদ বলেন, ১৯৭৩ সালে বাংলাদেশে ভ্যাটিকান প্রথম দূতাবাস স্থাপন করে। তখন থেকে বাংলাদেশের সাথে ভ্যাটিকানের সম্পর্ক ক্রমান্বয়ে জোরদার হচ্ছে।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, “‘ধর্ম যার যার উৎসব সবার’ বাংলাদেশ এই নীতিতে বিশ্বাস করে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি।”

Image
বঙ্গভবনে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করছেন পোপ ফ্রান্সিস

বঙ্গভবনে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করছেন পোপ ফ্রান্সিস

বিকাল সোয়া ৫টার দিকে পোপ ফ্রান্সিস বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি হামিদ তাকে স্বাগত জানান। আবদুল হামিদের সঙ্গে একান্ত বৈঠকের পর বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিপরিষদের সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কূটনীতিকদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেন ক্যাথলিক ধর্মগুরু।

তিন দিনের সফরে বিকালে ঢকায় পৌঁছলে বিমানবন্দরে পোপকে স্বাগত জানান রাষ্ট্রপতি।

৩০ বছরে এই প্রথম কোনো পোপ বাংলাদেশ সফরে এলেন। সর্বশেষ সফর করেছিলেন পোপ দ্বিতীয় জন পল, ১৯৮৬ সালে।

 সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশে প্রার্থনা করবেন পোপ ফ্রান্সিস। এরপর ভ্যাটিকান দূতাবাসে সাক্ষাৎ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

সফর শেষে শনিবার বাংলাদেশ ছাড়বেন পোপ।

পুরনো খবর:

বাংলাদেশের পাশে দাঁড়ান: বিশ্ববাসীকে পোপ