২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির একাত্তরের শহীদদের স্মৃতিফলক উন্মোচন

একাত্তরে শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের স্মরণে কলাভবনের সামনের চত্বরে স্মৃতিফলক নির্মিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2017, 12:12 AM

Updated : 11 Oct 2022, 02:47 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান মঙ্গলবার এই স্মৃতিফলক এবং কলাভবনের সামনের বটতলা ও আশপাশের এলাকার সৌন্দর্যবর্ধনের উদ্বোধন করেন।

এসিআই লিমিটেডের আর্থিক সহায়তায় শহীদদের স্মৃতিফলক এবং বটতলা ও অপরাজেয় বাংলাসহ কলা ভবনের সামনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়। একটা ফোয়ারাও বসানো হয়েছে স্মৃতিফলকের পাশে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য আখতারুজ্জামান বলেন, “ঐতিহাসিক এই প্রাঙ্গণের সৌন্দর্যবর্ধন ও শহীদদের স্মরণে যে স্মৃতিফলক করা হয়েছে, তার প্রভাব শিক্ষার্থীদের মধ্যে পড়বে। শহীদদের স্মৃতিফলকে খচিত নাম শিক্ষার্থীরা পড়ে তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

এই কাজের সহযোগিতায় এগিয়ে আসায় এসিআই লিমিটেডের চেয়ারম্যান এম আনিস উদদৌলাকে ধন্যবাদ জানান তিনি।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, “ঐতিহাসিক কাজের সাথে সম্পৃক্ত হওয়ার প্রচেষ্টায় তার (এসিআই চেয়ারম্যান) ব্যতিক্রমী মূল্যবোধের প্রমাণ পাওয়া যায়।”

স্বাধীনতা সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা শ্রদ্ধাভরে স্মরণ করে আনিস উদদৌলা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা যেভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং যে ত্যাগস্বীকার করেছেন তাতে বাঙালি জাতি তাদের কাছে চিরকৃতজ্ঞ। তাদের এই ত্যাগের অপরিসীম মহিমাকে চিরস্বরণীয় করে রাখতে এই স্মৃতিফলকের প্রতিষ্ঠা।

তিনি বলেন, “কলাভবনের প্রাঙ্গণ দেশের ইতিহাসের অংশ।পুরাতন কলাভবনের আমতলা যেমন ভাষা আন্দোলনের স্মৃতিধারণ করে, তেমনি কলাভবনের বটতলা স্বাধিকার আন্দোলনের অনেক সংগ্রামের স্মৃতি বিজড়িত।”

কলা অনুষদের ডিন অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ও দর্শন বিভাগের অধ্যাপক  মো. শাহজাহান মিয়া বক্তব্য দেন।