২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া দাবিতে অধিদপ্তর ঘেরাও লাক্সমার শ্রমিকদের

বকেয়া বেতনের দাবিতে বিজিএমইএ ভবনে অবস্থানের পর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ঘেরাও করেছে গাজীপুরের লাক্সমা সোয়েটারের শ্রমিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2017, 06:21 PM

Updated : 19 Aug 2022, 06:04 PM

বকেয়া মজুরি পরিশোধ এবং বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকার কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সামনে মঙ্গলবার টানা তৃতীয় দিন অবস্থানের মধ্যে ঘেরাও কর্মসূচি পালন করেন তারা।

একই দাবিতে বুধবার শ্রম মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলে জানিয়েছেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার।

এই শ্রমিক সংগঠনটি লাক্সমা শ্রমিকদের দাবি আদায়ে তাদের সঙ্গেই কর্মসূচি পালন করছে।

এক মাস ধরে আন্দোলনরত গাজীপুরের লাক্সমা সোয়েটার কারখানার শ্রমিকরা গত ২৬ নভেম্বর থেকে বিজিএমইএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।

মঙ্গলবার সকালে বিজিএমইএ ভবন থেকে মিছিল নিয়ে কারওয়ান বাজারে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ঘেরাওয়ে যায় শ্রমিকরা।

তার আগে বিজিএমইএ ভবনের সামনে উপস্থিত হয়ে তাদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন ভাস্কর রাশা, সিপিবির সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য ক্বাফী রতন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্যামলী শীল প্রমুখ।

এরপর মিছিল নিয়ে ওয়াসা ভবনের পাশে অধিদপ্তরের সামনে অবস্থান নেয়  শ্রমিকরা। সেখানে দুপুর পর্যন্ত সমাবেশ করে ফের বিজিএমইএ ভবনের সামনে ফিরে আসে তারা।

অধিদপ্তরের সামনে সমাবেশে জলি তালুকদার বলেন, “একের পর এক কারখানা বন্ধ করা কিংবা স্থানান্তর করার ক্ষেত্রে আইনের তোয়াক্কা না করে শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করার ঘটনাগুলো এটাই নির্দেশ করে যে সরকারের প্রচ্ছন্ন মদদেই মালিকরা আইন লঙ্ঘন করে চলছে।”

গত কয়েক মাসে বেশ কিছু কারখানা একইভাবে শ্রমিকদের পাওনা থেকে বঞ্চিত করেছে বলে অভিযোগ করেন তিনি।

সংগঠনের কেন্দ্রীয় নেতা সাদেকুর রহমান শামীম বলেন, “প্রথমে শ্রমিকদের কয়েক মাসের মজুরি বকেয়া করা হয়, তারপর কারখানা বন্ধ করে দেওয়া হয়।

“শ্রমিকরা পাওনার দাবিতে দীর্ঘ সময় ধরে আন্দোলন করে একপর্যায়ে কেবল বকেয়া মজুরি নিয়েই বিতাড়িত হন। এভাবে শ্রমিকদের সার্ভিস বেনিফিট, অর্জিত ছুটিসহ অন্যান্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে।”

গাজীপুরের টেক্সটেক কারখানার শ্রমিকরা তিন মাস ‘দ্বারে দ্বারে ঘুরে’ গত ঈদের দুদিন আগে একমাসের মজুরি নিয়ে ফিরে গেছে বলেও জানান পোশাককর্মীরা।

গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, লাক্সমার শ্রমিকরা বকেয়া মজুরি পরিশোধ এবং বন্ধ কারখানার বিষয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত ‘ঘরে ফিরে যাবে না’।

লাক্সমা সোয়েটার কারখানার শ্রমিক সোলায়মান হোসেনের সভাপতিত্বে সমাবেশে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরী সভাপতি কাজী রুহুল আমিন, কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন, জালাল হাওলাদার, কে এম মিন্টু, জয়নাল আবেদীন, আজিজুল ইসলামও বক্তব্য রাখেন।