বরেন্দ্র এলাকার আওতা বাড়ছে
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে থাকা এলাকার আওতা বাড়ানোর প্রস্তাব করে ‘বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৭’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে ফিরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, এতদিন ধরে এই প্রতিষ্ঠানটি একটি রেজুলেশনের মাধ্যমে চলছে। এটার কোনো আইন ছিল না।”
দেশে কর্তৃপক্ষগুলো আইনের আওতায় পরিচালিত হয় জানিয়ে তিনি বলেন, সেই বিবেচনায় একটি আইনের খসড়া উপস্থাপন করা হয়। খসড়ায় কিছু সংজ্ঞা ঠিক হয়েছে, যা রেজুলেশনে নেই।
সরকার যেটুকু ঘোষণা করবে সেটুকু বরেন্দ্র এলাকা হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “বরেন্দ্র এলাকা বলতে রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলাকে বোঝাবে। অর্থাৎ বৃহত্তর রাজশাহী বিভাগ নিয়ে এই বরেন্দ্র এলাকা গঠিত হবে। আগে এটা ছোট পরিসরে ছিল। এখন দেখা গেছে কাজকর্ম অনেক ব্যাপক হয়েছে, এজন্য এরিয়াটা বাড়ানোর প্রস্তাব এসেছে।”
কর্তৃপক্ষের দায়িত্ব যা ছিল, তাই রয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
তিনি বলেন, খসড়ায় একটি উপদেষ্টা পর্ষদের প্রস্তাব করা হয়েছে। এটা এখনও আছে, এটাকে আইনের আওতায় আনা হয়েছে।
কৃষিমন্ত্রী এই পর্ষদের সভাপতি হবেন। আরেকটা ছোট পরিসরে থাকবে পরিচালনা পর্ষদ। কর্তৃপক্ষের চেয়ারম্যান হবেন এই পর্ষদের চেয়ারম্যান।
