২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘সৎ-কর্মঠ-পরিশ্রমী’ প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন

বিশ্বের ‘সৎ রাষ্ট্র ও সরকার প্রধানের তালিকায় তৃতীয়’ এবং ‘কর্মঠ ও পরিশ্রমী সরকার প্রধানের তালিকায় চতুর্থ’ স্থান লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2017, 05:27 PM

Updated : 12 Apr 2022, 12:48 AM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অভিনন্দন জানানো হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, “বৈঠকের শুরুতে দুটি অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান পিপলস অ্যান্ড পলিটিকস পরিচালিত গবেষণায় বিশ্বের সৎ রাষ্ট্র ও সরকার প্রধানের তালিকায় তৃতীয় এবং কর্মঠ ও পরিশ্রমী সরকার প্রধানের তালিকায় চতুর্থ স্থান লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জ্ঞাপন করেছে মন্ত্রিসভা।”

অখ্যাত একটি ইন্টারনেট সংবাদপত্রে সম্প্রতি ইন্টারনেটে অস্তিত্বহীন এই জরিপে শেখ হাসিনার রাষ্ট্রনায়কদের মধ্যে সামনের কাতারে স্থান পাওয়ার খবরটি আসে। নানা সূত্রে খোঁজ নিয়ে ‘আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন’ পিপলস অ্যান্ড পলিটিকসের এই ধরনের কোনো জরিপের খোঁজও পাওয়া যায়নি। 

যুক্তরাজ্যের প্যাচওয়ার্ক ফাউন্ডেশনের ‘লেবার নিউকামার এমপি অব দ্য ইয়ার’ নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিককে অভিনন্দন জানিয়ে অন্য অভিনন্দন প্রস্তাবটি গৃহীত হয় মন্ত্রিসভায়।

যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবোন শেখ রেহানার মেয়ে।

গত ১৫ নভেম্বর এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে হাউজ কমেন্সের স্পিকারের কাছ থেকে টিউলিপ এই সম্মানসূচক পুরষ্কার গ্রহণ করেছেন।