২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিজিৎ হত্যায় পুরস্কার ঘোষিত আরাফাত রিমান্ডে

লেখক অভিজিৎ রায় হত্যা মামলার আসামি ও নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) সদস্য আরাফাত রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের হেফাজতে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2017, 12:49 AM

Updated : 19 Aug 2022, 06:04 PM

ঢাকার মহানগর হাকিম একেএম মঈন উদ্দিন সিদ্দিকী তার এ রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট শনিবার আরাফাতকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার রাতে ঢাকার সাভার থানার আমিনবাজারের বরদেশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রিমান্ড আবেদনে বলা হয়।

অভিজিৎ হত্যা মামলায় এ পর্যন্ত ১১ আসামি গ্রেপ্তার হয়েছে। তাদের যার মধ্যে দুইজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান সাংবাদিকদের বলেছেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরাফাত জানিয়েছে, সংগঠনের বড় ভাইয়ের (মেজর জিয়া) নির্দেশে এবং পরিচালনায় অভিজিৎ হত্যাকাণ্ডে তারা অংশ নিয়েছিলেন। জুলহাস-তনয়, নিলয় ও দীপন হত্যাকাণ্ডেও সে অংশগ্রহণ করেছিল বলে স্বীকার করেছে।”

মাসুদুর রহমান জানান, আরাফাতকে গ্রেপ্তারে পুলিশের পক্ষ থেকে দুই লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছি। তার সাংগঠনিক নাম সিয়াম ওরফে সাজ্জাদ।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বিজ্ঞান লেখক- ব্লগার অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় গুরুতর আহত হন অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। পরে শাহবাগ থানায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় একটি হত্যা মামলা দায়ের করেন।