বুলুকে দুদকে জিজ্ঞাসাবাদ
সম্পদের তথ্য খতিয়ে দেখতে বিএনএস গ্রুপের চেয়ারম্যান ও বিএনএস সেন্টারের মালিক এম এন এইচ বুলুকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার কমিশনের প্রধান কার্যালয়ে দুদকের উপ-পরিচালক সামছুল আলম ও ওয়াকিল আহমেদের সমন্বয়ে অনুসন্ধান দল এই ব্যবসায়ীকে জিজ্ঞাবাসাদ করেন বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এম এন এইচ বুলুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগের অনুসন্ধান চলছে। এই অনুসন্ধানের অংশ হিসেবে আজ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।”
“তিনি স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ৩১৯ কোটি টাকা উল্লেখ করে তার সম্পদ বিবরণী জমা দেন। এই সম্পদের পরিমাণ যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে তার বক্তব্য গ্রহণ করা হয়েছে।”
বুলুর বিরুদ্ধে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারের নকশা বহির্ভূত নির্মাণ কাজ করার একটি অভিযোগও রয়েছে বলে জানান সামছুল আলম। তবে এই অভিযোগের বিষয়ে আলাদা অনুসন্ধান করা হবে বলে জানিয়েছেন তিনি।
গুলশানের বহুতল ভবন বুলু ওশান টাওয়ার ও বুলু এস টাওয়ারের মালিক এম এন এইচ বুলু ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।
