ব্যবসায়ী বুলুর বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
বিএনএস গ্রুপের চেয়ারম্যান ও বিএনএস সেন্টারের মালিক এম এন এইচ বুলুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন।
মোজাহার রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে কমিশন কর্তৃপক্ষের কাছ থেকে চিঠি পেয়েছি। অনুসন্ধান শুরু হয়েছে। যেহেতু বিষয়টি অনুসন্ধানাধীন তাই আর বিস্তারিত বলতে চাচ্ছি না।”
গুলশানের বহুতল ভবন বুলু ওয়েশন টাওয়ার ও বুলু এস টাওয়ারের মালিক এম এন এইচ বুলু ২০০৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার ট্রাস্টি বোর্ডের সদস্য তিনি।
তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের পাশাপাশি সৈয়দ সাখাওয়াত হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে বলে দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন।
সাখাওয়াত হোসেনের ছেলে সৈয়দ তৌহিদুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এম এন এইচ বুলু ২০১০ সালের দিকে গুলশান অ্যাভিনিউ এলাকায় একটি ২০তলা ভবনের পঞ্চম তলায় ১৪ হাজার বর্গফুট ফ্লোর স্পেস বিক্রির জন্য তার বাবার সঙ্গে একটি চুক্তিপত্রে সই করেন।
“ওই চুক্তিপত্র অনুযায়ী বুলু অগ্রিম হিসেবে বাবার কাছ থেকে পাঁচ কোটি ৯০ লাখ টাকা নেন। কিন্তু পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পরও তিনি সেই জায়াগা বুঝিয়ে দেননি।”
তৌহিদুল বলেন, “আব্বু উনাকে টাকা দিয়েছিলেন ৫ বছর আগে। ২০১১ সালে হার্ট অ্যাটাকে আব্বু মারা যান। এরপর থেকে বহুবার আমরা তার (বুলু) সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু কোনো রেসপন্স পাইনি।”
এ বিষয়ে বক্তব্যের জন্য সন্ধ্যায় বুলুর মোবাইলে কল করা হলে তার সহকারী ইসমাইল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার এখন ব্যস্ত আছেন। পরে যোগাযোগ করেন।”
পরে রাত সাড়ে ১০টার দিকে বুলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই প্রতিবেদককে ফোন করে বলেন, “সাখাওয়াতের সঙ্গে এ রকম কোনো লেনদেন আমাদের হয়নি। আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার জন্য এটা করা হচ্ছে। আমার বক্তব্যের পক্ষে প্রমাণ আছে, আপনি চাইলে এসে দেখতে পারেন।”
