২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রান্তের মানুষের পাশে থেকে পুরস্কৃত কমিউনিটি রেডিও

দেশের নানা প্রান্তে কাজ করা পাঁচটি কমিউনিটি রেডিওকে পুরস্কৃত করেছে জার্মানির ডয়চে ভেলে একাডেমি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 09:47 PM

Updated : 19 Aug 2022, 06:02 PM

রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে এই পাঁচ রেডিও প্রতিনিধিদের কাছে ‘বাংলাদেশ কমিউনিটি রেডিও অ্যাওয়ার্ড’ তুলে দেওয়া হয়।

এই পাঁচ রেডিও’র মধ্যে সাতক্ষীরার রেডিও নলতা, মৌলভীবাজারের রেডিও পল্লীকণ্ঠ, মুন্সীগঞ্জের রেডিও বিক্রমপুর-তিনটি ক্যাটাগরিতে পুরস্কারের জন্য নির্বাচিত হয়। আর জুরিদের বিশেষ বিবেচনায় রেডিও নাফ এবং রেডিও চিলমারিকে পুরস্কার দেওয়া হয়।

ডয়চে ভেলে একাডেমির এশিয়া ও ইউরোপ অঞ্চলের প্রধান মিশায়েল কারহাউসেন, বাংলাদেশে ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর বিট্রিস কালদুল, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল  এসব পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে ডয়চে ভেলে একাডেমির মিশায়েল কারহাউসেন  বলেন, এটা খুব ভালো একটা উদ্যোগ। কারণ এটার উদ্দেশ্য হচ্ছে, কমিউনিটি মিডিয়া ও জাতীয় গণমাধ্যমের মধ্যে কনটেন্ট বিনিময় করা।

“বাংলাদেশে এ রকম একটি উদ্যোগের সাথে যুক্ত হওয়ার কারণ এটা নয় যে, আমরা এটা জানি। বরং আমরা কমন আইডিয়া বিনিময় করতে চাই। কীভাবে গণমাধ্যম সমাজে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে-এ রকম আইডিয়া।”

বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল বলেন, যখন ১০ নম্বর সতর্ক সংকেত দেয়, তখন প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে তথ্য পৌঁছাতে রাতব্যাপী অনুষ্ঠান প্রচার করেছিল কমিউনিটি রেডিওগুলো। এর মাধ্যমে একজন লোকের প্রাণ বাঁচলে সেটাকে অর্থের মাপকাঠিতে মাপা যাবে না।

রেডিও নাফের রুমা পারভীন জানান, মানবপাচার, অভিবাসন, নারীর ক্ষমতায়ন ইত্যাদি বিষয় নিয়ে তারা কাজ করেন। তবে সময়ে সময়ে অন্যান্য বিষয়ও সামনে চলে আসে যেমন রোহিঙ্গা সংকট।

এই মুহূর্তে তারা রোহিঙ্গাদের স্যানিটেশনসহ বিভিন্ন বিষয়ে কাজ করছেন বলে জানান তিনি।

তিন বছর ধরে বাংলাদেশের কমিউনিটি রেডিওগুলোকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়ে আসছে ডয়চে ভেলে একাডেমি। এরই ধারাবাহিকতায় এই পুরস্কার দেওয়া হল।

এই অনুষ্ঠানে সাখাওয়াত সুমনকে সভাপতি করে এবং মাফিয়া মুক্তাকে সাধারণ সম্পাদক করে কমিউনিটি রেডিও অ্যালামনাই ফাউন্ডেশন গঠন করা হয়।