২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন ২৯ সাংবাদিক

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবার ২৭টি বিষয়ে ২৯ জন সাংবাদিককে ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2017, 07:51 PM

Updated : 19 Aug 2022, 06:03 PM

রোববার এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও জুরি বোর্ডের চেয়ারম্যান ডিআরইউর সাবেক সভাপতি শাহজাহান সরদার।

সংগঠনের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু বলেন, “গণতন্ত্র ও গণমাধ্যম একই মুদ্রার এপিঠ-ওপিঠ। এজন্যই গণমাধ্যমকে একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। গণতন্ত্র যখই বিপন্ন হয়েছে বা সংকটে পড়েছে তখই গণমাধ্যম তাকে উদ্ধার করেছে।”

গণমাধ্যমকর্মীদের অনুসন্ধানী ও গঠনমূলক প্রতিবেদন করার আহ্বান জানিয়েছেন মন্ত্রী বলেন, সরকার খুব শিগগিরই সাংবাদিকদের জন্য নবম ওয়েজবোর্ড ঘোষণা করতে যাচ্ছে।

ডিআরইউর অর্থ সম্পাদক মানিক মুনতাসিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী ও সাংগঠনিক সম্পাদক জিলানী মিলটন।

এবারের বিজয়ীরা হলেন- শিক্ষায় নয়াদিগন্তের মেহেদী হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ে ডেইলি স্টারের মোহাম্মদ আল মাসুম মোল্লা, অবজেকটিভ ইকোনোমিকে ঢাকা ট্রিবিউনের ইব্রাহিম হুসাইন, নগরীর সমস্যা ও সম্ভাবনায় ডেইলি স্টারের হেলিমুল আলম, অপরাধ ও আইনশৃঙ্খলায় প্রথম আলোর রোজিনা ইসলাম, সংসদ ও নির্বাচন বিষয়ে কালের কন্ঠের কাজী হাফিজ।

এছাড়া বিদ্যুৎ ও জ্বালানিতে ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের আজিজুর রহমান রিপন, বৈদেশিক কর্মসংস্থানে যৌথভাবে ডেইলি স্টারের শাখাওয়াত হোসেন লিটন ও ইনাম আহমেদ, ক্রীড়ায় প্রথম আলোর মাসুদ আলম, স্বাস্থ্যখাতে ডেইলি স্টারের পরিমল পালমা, রাজনীতি, প্রশাসন ও বিচার ব্যবস্থায় সমকালের আবু সালেহ রনি, কৃষি ও পানি ব্যবস্থাপনায় জনকণ্ঠের কাওসার রহমান পুরস্কার পেয়েছেন।

ইতিহাস ও ঐতিহ্যে মানবকণ্ঠের এম মামুন হোসেন, ব্যাংক ও পুঁজিবাজারে ভোরের কাগজের মরিয়ম মনি সেঁজুতি, নারী ও শিশু ক্যাটাগরিতে যৌথভাবে যুগান্তরের শিপন হাবীব এবং সমকালের সাজিদা ইসলাম পারুল পুরস্কার পেয়েছেন।

টেলিভিশন বিভাগে পুরস্কারপ্রাপ্তরা হলেন- অর্থনীতি ক্যাটাগরিতে চ্যানেল টোয়েন্টিফোরের ফারুক আহমেদ মেহেদী, নগরীর সমস্যা ও সম্ভাবনায় মাছরাঙা টেলিভিশনের বদরুদ্দোজা বাবু, অপরাধ ও আইনশৃঙ্খলায় ৭১ টেলিভিশনের পারভেজ নাদির রেজা, তথ্য ও যোগাযোগে এনটিভির এম এম ইসলাম মইদুল, ক্রীড়ায় এস এ টিভির শফিকুল ইসলাম শিপলু, সুশাসন ও দুর্নীতিতে ইন্ডিপেন্ডেন্টের মাহবুবুল আলম লাবলু।

নারী, শিশু ও মানবাধিকারে চ্যানেল টোয়েন্টিফোরের মাসউদুর রহমান, স্বাস্থ্যে এনটিভির হাসান জাবেদ।

অনলাইন বিভাগে পুরস্কারপ্রাপ্ত হলেন- নারী, শিশু ও মানবাধিকার ক্যাটাগরিতে বাংলানিউজের সেরাজুল ইসলাম সিরাজ, উন্নয়ন ও সম্ভাবনায় রাইজিং বিডির রফিকুল ইসলাম মন্টু ও তথ্য, যোগাযোগ প্রযুক্তি ক্যাটাগরিতে জাগো নিউজের সাঈদ শিপন ও অনুসন্ধানী প্রতিবেদনে বিবিসির আহরার হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিআরইউর সহ-সভাপতি আবু দারদা যোবায়ের, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাফি কামাল, নারী বিষয়ক সম্পাদক দিনার সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক মিজান চৌধুরী, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াত, কার্যনির্বাহী সদস্য সাইফুল ইসলাম, মাইনুল হাসান সোহেল, সাঈদ খান প্রমুখ।