২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আনন্দ শোভাযাত্রায় যানজট

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপনে আনন্দ শোভাযাত্রা ও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ ঘিরে শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও যানজটের ভোগান্তি পোহাতে হয়েছে সাধারণ মানুষকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2017, 11:02 PM

Updated : 19 Aug 2022, 06:02 PM

তবে অনেকেই বলেছেন, ঐতিহাসিক সেই ভাষণের স্বীকৃতির মধ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের স্বাধীনতার প্রকৃত ইতিহাস উঠে আসায় যে উদযাপন, তাতে তাদের ‘ভালো লাগছে’। 

শনিবার বেলা ১২টায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে সরকারি উদ্যোগে এই উদযাপন শুরু হয়। পরে সেখান থেকে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে সোহরাওয়ার্দীতে যান রাজনৈতিক নেতানেত্রী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

১৯৭১ সালের ৭ মার্চ যেখানে দাঁড়িয়ে বঙ্গবন্ধু ওই ভাষণে বাঙালির স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেই সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) বিকালে সমাবেশে বক্তব্য দেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Image
দুপুরে শোভাযাত্রা যাওয়ার পর কলাবাগান এলাকায় মিরপুর রোডে যানজট। ছবি: তানভীর আহাম্মেদ

দুপুরে শোভাযাত্রা যাওয়ার পর কলাবাগান এলাকায় মিরপুর রোডে যানজট। ছবি: তানভীর আহাম্মেদ

সমাবেশ শুরু হওয়ার আগে থেকেই সভাস্থলের আশপাশের এলাকায় ভিড় জমতে থাকে; সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা দলে দলে সেখানে জড়ো হয়। স্কুলের শিশুদের জয় বাংলা স্লোগান ধরে নেচে গেয়ে আনন্দ করতে দেখা যায়। উদ্যানের সভা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে থেকেই শাহবাগ মোড়, রমনা পার্কের ভিতরে, হাই কোর্টের মোড়, দোয়েল চত্বর, টিএসসি এলাকা জনস্রোতে পরিণত হয়।

শোভাযাত্রা ও সমাবেশ নির্বিঘ্ন করতে রূপসীবাংলা হোটেল মোড়, মৎস্য ভবন মোড়, হাই কোর্ট মোড়, চাঁনখারপুল, ঢাকা মেডিকেল মোড়, নীলক্ষেত মোড় ও কাঁটাবন মোড়ের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ।

এতে আশপাশের বিভিন্ন রাস্তায় ধীরে ধীরে যানজট প্রকট রূপ নেওয়ায় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।

বেলা সাড়ে ১২টার দিকে ধানমণ্ডি এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী মো. আখলাক বলেন, “এই সমাবেশ ঘিরে সাধারণ মানুষের অনেক কষ্ট হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় পুলিশ অন্যান্য দিনের মতো যান চলাচল করতে দিচ্ছে না।”

Image
আনন্দ শোভাযাত্রা ও সমাবেশের আশপাশের এলাকায় যানজটের কারণে অনেক এলাকায় বাসের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকতে হয় লোকজনকে। ছবিটি বিকালে ফার্মগেইট এলাকা থেকে তোলা। ছবি: দীপু মালাকার

আনন্দ শোভাযাত্রা ও সমাবেশের আশপাশের এলাকায় যানজটের কারণে অনেক এলাকায় বাসের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকতে হয় লোকজনকে। ছবিটি বিকালে ফার্মগেইট এলাকা থেকে তোলা। ছবি: দীপু মালাকার

তারপরও ঐতিহাসিক এ ঘটনায় তিনি ‘গর্বিত’: “মনে হচ্ছে প্রকৃত ইতিহাস এতদিনে প্রকাশ হলো। এটা জাতি হিসেবে গর্ব করার মতো ঘটনা।”

একই সময় বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বাসে রওনা হয়ে প্রায় তিন ঘণ্টায় সেগুনবাগিচায় আসতে পারেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের নারী কর্মকর্তা রীনা আক্তার।

এই উদযাপন ‘ভালো লাগার’ মতো বললেও যানজাট কিছুটা নিয়ন্ত্রণ করা যেত বলে মনে করেন তিনি।

রীনা বলেন, “যানজটে অতিষ্ঠ হলেও ভাবতে ভালো লাগছে আজ বিশ্বের দরবারে বাঙালির স্বাধীনতার প্রকৃত ইতিহাসটা উঠে এসেছে। তারপরও যদি সমাবেশের জন্য যানজট কিছুটা নিয়ন্ত্রণ করা যেত তাহলে ভালো হত।”

সকাল ১১টার পর থেকেই রাজধানীর আজিমপুর, পল্টন, সেগুনবাগিচা, মতিঝিল এলাকায় যানজট শুরু হলে ভোগান্তিতে পড়তে শুরু করে মানুষ।

Image
দীর্ঘ সময় অপেক্ষার পর বাস এলে তাতে ওঠার জন্য মরিয়া চেষ্টা।

দীর্ঘ সময় অপেক্ষার পর বাস এলে তাতে ওঠার জন্য মরিয়া চেষ্টা।

শ্যামলী থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আসার জন্য সকাল ১০টার পর রওনা দিয়ে প্রথমে পায়ে হেঁটে, পরে বাসে চেপে, আবার কখনও কিছু সময় পায়ে হাঁটার পর গন্তব্যে পৌঁছান বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রশান্ত মিত্র।

তিনি বলেন, “তীব্র যানজটে দফায় দফায় পরিবহন পরিবর্তন করে গন্তব্যে পৌঁছাতে হয়েছে। এটা খুব কষ্টের হলেও ভাবতে ভালো লাগছে, আজ আমাদের ইতিহাসের বিশেষ একটা ঘটনা পুরো বিশ্বের কাছে স্বীকৃতি পেয়েছে। আমরা কিছুটা আজকে কষ্ট করলেও সব শ্রেণি পেশার মানুষ এই আনন্দ সমানভাবে ভাগাভাগি করে নেবার সুযোগ পাচ্ছি।”

পুরনো খবর:

ইতিহাস বিকৃতকারীরা যেন ক্ষমতায় আসতে না পারে: প্রধানমন্ত্রী
হুমকি দিয়ে স্কুলশিক্ষার্থী-সরকারি কর্মচারীদের সমাবেশে নেওয়া হচ্ছে: ফখরুল