২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুমকি দিয়ে স্কুলশিক্ষার্থী-সরকারি কর্মচারীদের সমাবেশে নেওয়া হচ্ছে: ফখরুল

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতি উদযাপনে সরকারি উদ্যোগে মিছিল-সমাবেশের প্রেক্ষাপটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, অনুদান বন্ধ ও বেতন কাটার হুমকি দিয়ে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি কর্মচারীদের এই কর্মসূচিতে নেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2017, 09:30 PM

Updated : 11 Oct 2022, 02:46 PM

শনিবার এই আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ হওয়ার পর বিকালে এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, “৭ মার্চের ভাষণ ঐতিহাসিক ভাষণ, নিঃসন্দেহে ঐতিহাসিক ভাষণ। ইউনেস্কোর একটা তালিকায় এই ভাষণ যুক্ত হয়েছে। খুব ভালো কথা তো। অস্বীকার কে করেছে?

“কিন্তু আপনারা এত বছর পরে হঠাৎ ঢাঁকঢোল পিটিয়ে নামছেন, তখন কিন্তু দেশের মানুষ কষ্টে আছে। হাওড় এলাকাগুলোতে সিলেট-সুনামগঞ্জে বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে। আবারও চালের দাম ৬০ টাকা হয়েছে। বলেছিলেন বিনামূল্যে সার দেবেন, এখন সেই সার তিন গুণ আগের চেয়ে।”

ঢাকায় আনন্দ শোভাযাত্রার পর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের প্রতি ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, “বড় গলায় বড় বড় অনুষ্ঠান করে স্কুলের ছাত্র-ছাত্রী, শিক্ষকদের সরকারি চিঠি পাঠায় হাজির হতে হবে, না হলে সরকারি অনুদান বন্ধ হয়ে যাবে, চাকরি চলে যাবে।

“সরকারি কর্মকর্তা-কর্মচারীদের চিঠি দেয় হাজির না হলে ৫-৬ দিনের বেতন কাটা যাবে। বিশাল বিশাল সমাবেশ করে লেক তৈরি করা হয়েছে। সেই লেকের পাশে স্টেজ নির্মাণ করে বুলেট প্রুফ মঞ্চের মধ্যে বক্তৃতা দিয়ে যখন এই কথা বলা হয় যে, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।”

দেশে যে উন্নয়ন হচ্ছে তা শুধু ক্ষমতাসীনদের ‘পকেটে যাচ্ছে’ বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল।

তিনি বলেন, “ডেভেলপমেন্ট কার হচ্ছে? ডেভেলপমেন্ট আপনাদের হচ্ছে। উন্নয়ন হচ্ছে আপনাদের উন্নয়ন, গুটিকতক মানুষের ‍উন্নয়ন। যারা কয়েকটি প্রতিষ্ঠান তৈরি করে একদিকে বিদ্যুৎখাত থেকে লুটছেন, অন্যদিকে মেগা প্রকল্প- ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে ইত্যাদি করে লুটপাট করেছেন।

“এই উন্নয়নের কথা বলে তারা (ক্ষমতাসীন) তাদের পকেটের উন্নয়ন করছে। তারা নিজেদের বিত্ত তৈরি করছে, সেই বিত্ত তৈরি ছাড়া আর কিছু হচ্ছে না। কিছুদিন আগেও পত্র-পত্রিকায় সংবাদ বেরিয়েছে বাংলাদেশে কিছু সংখ্যক মানুষ অনেক উন্নত হচ্ছে, তাদের বিত্ত বাড়ছে, আর কিছু সংখ্যক মানুষ দারিদ্র্য সীমার আরও নিচে চলে যাচ্ছে।”

প্রশাসনসহ সব জায়গায় দলীয়করণ করা হচ্ছে অভিযোগ করে ফখরুল বলেন, “বিচার বিভাগও শেষ করে ফেলেছে। প্রধান বিচারপতিকে মতের মিল না হওয়ায় তাকে প্রথমে একমাসের ছুটি নিতে বাধ্য করা হয়েছে এবং পরে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, স্থায়ীভাবে চলে যেতে হয়েছে এবং তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।”

টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া দেশে টেকসই উন্নয়ন সম্ভব নয় মন্তব্য করে এই বিএনপি নেতা বলেন, “সাসটেইনেবল ইকোনমিক ডেভেলপমেন্ট হতে হলে সাসটেইনেবল ডেমোক্রেসি দরকার। সেজন্য সবার আগে দরকার একটা নির্বাচন হতে হবে। সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে এবং সকল দলের অংশগ্রহণের সুযোগ দিতে হবে।

“সেই নির্বাচনে অবশ্যই জনগণ অংশ নেবে এবং তারা যে রায় দেবে তা জনগণের সরকার তৈরি করবে।”

গুলশানের লেক শো’র হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি টিচার্সের (এগ্রিকালচারাল সায়েন্স) উদ্যোগে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ‘তারেক রহমানের রাজনীতি এবং কৃষি ও পল্লী উন্নয়ন’ শিরোনামে এই সভা হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ ‍কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি।

কৃষি উন্নয়নে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নেওয়া নানা পদক্ষেপ এবং তারেক রহমানের ‘চিন্তাভাবনা’ তুলে ধরেন বিএনপি মহাসচিব।

বক্তব্যে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে যে সম্মতিপত্র সই হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, “আপনারা রোহিঙ্গা বিষয়ে অত্যন্ত দ্রুততার সাথে চুক্তি করে ফেললেন মিয়ানমারের সঙ্গে ভালো কথা। কিন্তু আমি পেলাম কী? আমি যে পেলাম, কিছুক্ষণ আগে জানতে পারলাম পররাষ্ট্রমন্ত্রী ব্রিফ করেছেন ২০১৬ তে যারা আসল শুধুমাত্র তাদের ফেরত নেবে। বাকিগুলোর ব্যাপারে তারা কোনো কথা বলবে না।

“তাও আবার কখন থেকে ফেরত নেবে, কবে শেষ হবে তাও কিছু বলা হয়নি।”

জাতিসংঘ এবং এই বিষয়ে সোচ্চার অন্যান্য দেশগুলোকে সম্পৃক্ত না করে দ্বিপক্ষীয়ভাবে এই সমঝোতায় পৌঁছানোর সমালোচনা করেন তিনি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. ইদ্রিস মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক তাসমেরী এস ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কৃষি উন্নয়ন করপোরেশনের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, নর্দান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুজ্জামান কায়সার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন অধ্যাপক আবদুল কুদ্দুস প্রমুখ বক্তব্য রাখেন।

সেমিনারে উন্মুক্ত আলোচনায় অংশ নেন অধ্যাপক ইসমাইল হোসেন কচি, অধ্যাপক মো. মাহবুব আলম, অধ্যাপক আমীর হোসেন, অধ্যাপক তরিকুল ইসলাম, অধ্যাপক মোশাররফ হোসেন, অধ্যাপক সিদ্দিকুল ইসলাম, অধ্যাপক আবু তালেব, দেলোয়ার হোসেন টিটু, সামিউল ইসলাম, মমতাজ উদ্দিন আহমেদ, তৌহিদুল ইসলাম, এনামুল কাদির প্রমুখ অংশ নেন।