২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্বরত প্রধান বিচারপতি শপথও পড়াতে পারবেন: আইনমন্ত্রী

প্রধান বিচারপতি এস কে সিনহার উত্তরসূরি না আসা পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে জটিলতার যে কথা অনেকে বলছেন, তা উড়িয়ে দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2017, 06:59 PM

Updated : 19 Aug 2022, 06:01 PM

তিনি বলছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ হলে দায়িত্বরত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা তাদের শপথ পড়াতে পারবেন।

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের তোপের মুখে থাকা প্রধান বিচারপতি সিনহা পদত্যাগের পর আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারক আবদুল ওয়াহহাব মিঞা সেই দায়িত্ব পালন করে আসছেন।

নতুন প্রধান বিচারপতি নিয়োগের এখতিয়ার রাষ্ট্রপতির জানিয়ে আইনমন্ত্রী বলে আসছেন, সে পর্যন্ত আবদুল ওয়াহহাব মিঞাই প্রধান বিচারপতির দায়িত্ব পালন করে যাবেন।

এর মধ্যে আপিল বিভাগের নতুন বিচারপতি নিয়োগের আলোচনা উঠলে তাদের শপথ নেওয়ার জটিলতার কথা আসে বিচারাঙ্গনের নানা জনের কাছ থেকে।  

বৃহস্পতিবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচারকদের জন্য প্রশিক্ষণ কোর্সের একটি অধিবেশন শেষে সাংবাদিকরা এনিয়ে প্রশ্ন করেন আনিসুল হককে।

তিনি সংবিধানের ৯৭ অনুচ্ছেদের ‘অনুরূপ’ শব্দটি মনে করিয়ে দিয়ে বলেন, এক্ষেত্রে কোনো জটিলতা নেই।

Image
বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা (ফাইল ছবি)

বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা (ফাইল ছবি)

আনিসুল হক বলেন, “আপনাদের কথা- বিচারপতিদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি, প্রধান বিচারপতি নিয়োগ না হওয়া পর্যন্ত বিচারপতি নিয়োগ দেওয়া যাবে না।

“আমাদের সংবিধানের ৯৭ অনুচ্ছেদে অস্থায়ী প্রধান বিচারপতির কথা বলা আছে, যিনি আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি হবেন, তিনি অস্থায়ী প্রধান বিচারপতি হবেন।

“সেখানে কিন্তু পরিষ্কারভাবে বাংলায় প্রধান বিচারপতির অনুরূপ ক্ষমতা প্রয়োগের কথা বলা আছে। অনুরূপ মানে হচ্ছে প্রধান বিচারপতি যা করতে পারবেন, তিনিও তা করবেন।”

এর নজির তুলে ধরে আনিসুল হক বলেন, “১৯৯০ সনের ডিসেম্বরে প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ কেয়ারটেকারের চিফ অ্যাভাইজর হয়েছিলেন। পরে তিনি রাষ্ট্রপতিও হয়েছিলেন।

“তখন একজন অ্যাক্টিং চিফ জাস্টিস ছিলেন। তিনি অ্যাপয়েনমেন্ট দিয়েছেন, শপথও পড়িয়েছেন।”

নতুন প্রধান বিচারপতির নিয়োগ নিয়ে প্রশ্ন করলে আইনমন্ত্রী বলেন, “এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করার কোনো দরকার নাই, তার কারণ হচ্ছে, রাষ্ট্রপতি নিশ্চয়ই এ পদটি বেশিদিন খালি রাখবেন না।”