তাজরীনের দোষীদের বিচার দ্রুত শেষ করার দাবি
ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরে পাঁচ বছর আগে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছে ‘অ্যাক্টিভিস্ট নৃবিজ্ঞানী’ নামের একটি সংগঠন।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে বলা হয়, তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনার বিচার শুরুর পর দুই বছর পেরিয়ে গেলেও এ পর্যন্ত ১৯ দিনে মাত্র চারজন সাক্ষী হাজির করতে পেরেছে রাষ্ট্রপক্ষ।
এই অবস্থায় কারখানার মালিকসহ গুরুত্বপূর্ণ আসামিদের মুক্ত থাকার সুযোগ দিয়ে বিচার প্রক্রিয়ায় কলক্ষেপণ করা হচ্ছে বলে মনে করছে সংগঠনটি।
‘অ্যাক্টিভিস্ট নৃবিজ্ঞানী’র পক্ষে সায়দিয়া গুলরুখ লিখিত বিবৃতিতে বলেন, “১৯ দিনের শুনানিতে আদালতে উপস্থিত থেকে আমাদের মনে হয়েছে, সাক্ষ্য গ্রহণের দীর্ঘসূত্রতা বিচারিক ব্যবস্থার একটি কাঠামোগত সমস্যা এবং দুঃখজনক হলেও সত্য যে শ্রমিকের নগন্য জীবনের ক্ষেত্রে এই দীর্ঘসূত্রতা আরও প্রকট।”
তিনি বলেন, ১৯৯০ সালের সারাকা গার্মেন্টসে আগুনের ঘটনা থেকে শুরু করে তাজরীন অগ্নিকাণ্ড- সব ক্ষেত্রেই বিচার প্রক্রিয়ায় ‘কলক্ষেপণের কৌশল’ ব্যবহার করেতে দেখা গেছে কারখানা মালিকসহ ‘দোষী’ ব্যক্তিদের।
২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১৯ শ্রমিকের মৃত্যু হয়; আহত হন আরও অনেকে।
পরে ‘শ্রমিকদের বের হতে না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার’ অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক দেলোয়ার হোসেন ও তার স্ত্রী মাহমুদা অঅক্তারসহ বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়।
তদন্তের পর ২০১৩ সালের ১৯ ডিসেম্বর ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন সিআইডির পরিদর্শক একেএম মহসীনুজ্জামান। অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে ‘অপরাধজনক নরহত্যা’ এবং ‘অবহেলার কারণে মৃত্যু’র অভিযোগ আনা হয়।
২০১৫ সালের ৩ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে ঢাকার জজ আদালতে এ মামলার বিচার শুরু হয়।
