২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনিরুদ্ধর নামে খোলা চিঠি: ‘আমি ব্যবসায়িক প্রতিহিংসার শিকার’

আড়াই মাস নিখোঁজ থাকার পর বাড়ি ফেরা ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় একটি চিঠি লিখেছেন, যেখানে বলা হয়েছে, তিনি ‘ব্যবসায়িক প্রতিহিংসার শিকার’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2017, 03:47 PM

Updated : 12 Apr 2022, 12:45 AM

অনিরুদ্ধ রায়ের ব্যবসাপ্রতিষ্ঠান আরএমএম গ্রুপের প্যাডে লেখা ওই চিঠি তার পরিবারের পক্ষ থেকে রোববার সংবাদমাধ্যমকে দেওয়া হয়েছে। চিঠির নিচে তার স্বাক্ষর রয়েছে। তবে এতদিন তিনি কোথায় কীভাবে ছিলেন- সেসব বিষয়ে কিছু বলা হয়নি ওই চিঠিতে।

গত ২৭ অগাস্ট বিকালে ঢাকার কূটনীতিক পাড়া গুলশানের এক নম্বর সেকশনে একটি ব্যাংকের সামনে থেকে একটি মাইক্রোবাসে অনিরুদ্ধকে তুলে নেওয়া হয়েছিল বলে সে সময় জানিয়েছিলেন তার গাড়িচালক । দীর্ঘ ৮১ দিন নিখোঁজ থাকবার পর শুক্রবার তিনি বাসায় ফেরেন।

আরএমএম লেদার্সের ব্যবস্থাপনা পরিচালক অনিরুদ্ধ বেলারুশের ‘অনারারি কনসাল’ ছিলেন। তিনি কানাডার নাগরিক; টরন্টো-ঢাকা মিলিয়েই তার বসবাস।

তার খোলা চিঠিতে বলা হয়েছে, “আমার ব্যবসায়িক অংশীদার মহিউদ্দিন আহমেদ মাহিন গং আমার প্রতিষ্ঠিত তিনটি প্রতিষ্ঠান আরএমএম লেদার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আরএমএম নিট ক্লথিং লিমিটেড ও আরএমএম সোয়েটার লিমিটেড (যার সম্পদের মূল্য ১৫০ কোটি টাকার অধিক) হস্তগত করার জন্য হেন কাজ নাই যা করেনি।”

গুলশানের ইউনিয়ন ব্যাংকে এক বৈঠক শেষে গত ২৭ আগস্ট তাকে ‘অপহরণ’ করা হয়েছিল জানিয়ে চিঠিতে লেখা হয়েছে, “সম্ভবত ব্যবসায়িক প্রতিহিংসার কারণে এমনটা হয়েছে বলে আমি আশঙ্কার প্রকাশ করি।”

চিঠিতে অভিযোগ করা হয়েছে, অপহরণকারীরা অনিরুদ্ধর সব সম্পত্তি লিখে দেওয়ার জন্য নানাভাবে চাপ দেয়।

“কিন্তু আমি দৃঢ়তার সাথে তা মোকাবেলা করি এবং সৃষ্টিকর্তার কৃপায় গত ১৭ নভেম্বর বাসায় ফিরি।”

‘অপহরণের পর’ বিভিন্নভাবে অনিরুদ্ধর ক্ষতি করার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে ওই চিঠিতে। এর বিবরণ দিতে গিয়ে চারটি পয়েন্টে ব্যবসায়িক অংশীদার মহিউদ্দিন আহমেদ মাহিনের বিরুদ্ধে অভিযোগগুলো তুলে ধরা হয়েছে।

“আমার মালিকানাধীন প্রতিষ্ঠান এলআইবি-এর শিপমেন্ট সার্টিফিকেট প্রদানে বিএফএলএলএফইএ এর চেয়ারম্যান হিসেবে অনৈতিকভাবে বাধা দেওয়া হয়েছে, নিয়ম বহির্ভূতভাবে অন্য কোম্পানি থেকে পাওনা ৫ কোটি টাকা কোম্পানির অ্যাকাউন্টে জমা দেওয়ার পরিবর্তে নিজের নামে গ্রহণ করা হয়েছে, ফ্যাক্টরির শ্রমিকদের হুমকি দেওয়াসহ বিরূপ পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, আমার অনুপস্থিতিতে আমার অনুমতি ব্যতিরেকে আমার অফিস কক্ষ থেকে জরুরি নথিপত্র অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।”

ন্যায় বিচার, ব্যবসায়িক সুরক্ষা ও ব্যক্তিগত নিরাপত্তা চেয়ে চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন এই ব্যবসায়ী।

অভিযোগের বিষয়ে অনিরুদ্ধের ব্যবসায়িক অংশীদার মহিউদ্দিন আহমেদ মাহিনের বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।

শুক্রবার ভোরে অনিরুদ্ধ গুলশানের বাসায় ফেরার পর তার স্ত্রী শাশ্বতী রায়ের সঙ্গে যোগাযোগ করেছিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। কিন্তু তার স্বামী এতদিন কোথায় ছিলেন, সে বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি তিনি।

গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিকও বলেন, অনিরুদ্ধের বিষয়ে তারাও কিছু জানেন না।

অনিরুদ্ধকে তুলে নেওয়ার পর উদ্বেগ জানিয়ে তাকে উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছিল হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।

অনিরুদ্ধের পর সাংবাদিক উৎপল দাশ, বিশ্ববিদ্যালয় শিক্ষক মোবাশ্বার হাসান সিজারসহ কয়েকজন নিখোঁজ হন সম্প্রতি। এসব ঘটনায় সরকারি সংস্থাগুলোর সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

ওই অভিযোগ অস্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ প্রধান গত সপ্তাহেই বলেছিলেন, নিখোঁজদের উদ্ধারে জোর তৎপরতা চলছে। তারা আশাবাদী, অচিরেই নিখোঁজদের ফিরে পাওয়া যাবে।

পুরনো খবর:

নিখোঁজ ব্যবসায়ী অনিরুদ্ধ ফিরেছেন বাড়িতে