২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার ফেরার পথে গাড়ি ভাংচুর

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতি মামলার শুনানি শেষে আদালত থেকে বাসায় ফেরার সময় হাই কোর্টের সামনে কদম ফোয়ারার কাছে তাদের গাড়ি বহরের সঙ্গে থাকা নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি  ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2017, 05:45 PM

Updated : 11 Oct 2022, 02:44 PM

বৃহস্পতিবার দুপুরে এ ঘটনার পর পুলিশ সেখান থেকে কয়েকজনকে আটক করেছে বলে মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার  শেখ মারুফ হাসান সরদার জানান।

জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের শুনানিতে অংশ নিতে বেলা ১১টার পর বকশীবাজারে  ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতে যান খালেদা জিয়া। শুনানি শেষে বেলা দেড়টার দিকে তার গাড়িবহর গুলশানে ফেরার পথে ওই ঘটনা ঘটে।

মারুফ হাসান সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে  বলেন, “স্বাভাবিক চলাচল বন্ধ করে বিএনপি নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ তাদের সরে যেতে বলে। এ সময় তারা  গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ তাদের সরিয়ে দিতে গেল কিছুটা ধস্তাধস্তি হয়।”

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, খালেদার গাড়ি বহরের পেছনে নেতাকর্মীরা যাওয়ার সময় বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ বাধা দেয়। এরপর উত্তেজনা দেখা দিলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয় এবং কয়েকজনকে আটক করে।

তবে কয়জনকে পুলিশ আটক করেছে তা উপ কমিশনার মারুফ হাসান জানাতে পারেননি।