২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষা সংগ্রামী তকীয়ূল্লাহ আর নেই

ভাষা সংগ্রামী, রাজনীতিবিদ, গবেষক এজেএম তকীয়ূল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2017, 01:27 PM

Updated : 11 Oct 2022, 02:44 PM

পুরনো খবর:

ভাষা সংগ্রামী তকীয়ূল্লাহর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

তার মেয়ে শান্তা মারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার বাবা বেশ কিছু দিন ধরে ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। গত সোমবার থেকে তাকে স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।   

বৃহস্পতিবার বেলা ১১টা ১০ এ সেখানেই চিকিৎসকরা তকীয়ূল্লাহকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর।

এজেএম তকীয়ূল্লাহ ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহর চতুর্থ ছেলে। বর্তমানে বাংলাদেশ যে বাংলা বর্ষপঞ্জি অনুসরণ করে, তার সংস্কার হয়েছিল তকীয়ূল্লাহর হাত দিয়েই। 

১৯৪৮ সালের ভাষা আন্দোলনের যেসব ছবি এখন পাওয়া যায়, সেগুলো তারই তোলা। সে সময়ের এই বাম নেতাকে ১৯৫১ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাগারে কাটাতে হয়।

চল্লিশের দশক থেকে দীর্ঘদিন কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এজেএম তকীয়ূল্লাহ। ১৯৫১ সালে তিনি কমিউনিস্ট পার্টির ঢাকা জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

চিত্রশিল্পী মুর্তজা বশীর তার ছোট ভাই। আর তার ভাতিজি গীতিআরা সাফিয়া চৌধুরী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন।

এজেএম তকীয়ূল্লাহর ছেলে আহমেদ ইউসুফ আব্বাস অগ্রণী ব্যাংকের একজন ডিজিএম। আর মেয়ে শান্তা মারিয়া দৈনিক আমাদের সময়ের ফিচার সম্পাদক।

২০০৭ সালে বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিং লিমিটেড (বিপিএল) থেকে তার আত্মজৈবনিক গ্রন্থ ‘পলাতক জীবনের বাঁকে বাঁকে’ প্রকাশিত হয়।

শান্তা মারিয়া বলেন, গত বছর হার্ট অ্যাটাকের পর তার বাবার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। পরে তার ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ে।

এজেএম তকীয়ূল্লাহর মরদেহ বিকাল ৩টায় নেওয়া হবে পল্টনে কমিউনিস্ট পার্টির কার্যালয়ে। বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে হবে জানাজা।

তারপর নীলক্ষেতে বাবুপুরা কবরস্থানে আরেকবার জানাজা শেষে সেখানেই দাফন করা হবে ভাষা সংগ্রামী তকীয়ূল্লাহকে। 

ভাষা সংগ্রামী, রাজনীতিবিদ ও গবেষক তকীয়ূল্লাহর মৃত্যুতে গভীর জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বাংলা ভাষার আন্দোলনে তকীয়ূল্লাহর অবদানের কথা স্মরণ করেন শেখ হাসিনা। তিনি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা প্রকাশ করেছেন।

তকীয়ূল্লাহর মৃত্যুতে শোক জানিয়েছে বাংলা একাডেমিও।

একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এক শোক বার্তায় বলেন, প্রগতিশীল রাজনীতিক তকীয়ূল্লাহ বাংলাদেশের ইতিহাসে একটি ‘অনন্য নাম’।

“প্রগতিশীল রাজনৈতিক বিশ্বাসের কারণে তিনি পাকিস্তান সরকারের কারা-নির্যাতনসহ নানা নিপীড়নের স্বীকার হয়েছেন, কিন্তু নিজের সংগ্রামী অবস্থান থেকে কখনও বিচ্যুত হননি। ”

বিপিএল থেকে প্রকাশিত তার আত্মজীবনী ‘পলাতক জীবনের বাঁকে বাঁকে’ প্রসঙ্গে বাংলা একাডেমি বলেছে, এই বইটি বাঙালির সুদীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনের ‘অনুপুঙ্খ চিত্র’।