লঘুচাপ পরিণত নিম্নচাপে, ৩ নম্বর সংকেত
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হওয়ার পর অগ্রসর হচ্ছে উত্তরে, উপকূলের দিকে।
বিরূপ এই আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
নিম্নচাপের প্রভাবে অগ্রহায়ণের আকাশ বুধবার থেকেই মেঘে ঢেকে আছে; সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃহস্পতিবার সকালে দমকা হাওয়ার সঙ্গে এক পশলা মাঝারি বর্ষণ ভিজিয়ে দিয়ে গেছে রাজধানীকে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, এই বৃষ্টি চলতে পারে আরও দুদিন। তবে পাঁচ দিনের মধ্যে আবহাওয়ার উন্নতি হবে, মেঘ কেটে গেলে বাড়তে পারে শীত।
উত্তর-পশ্চিম ও পশ্চিমমধ্য বঙ্গোপসাগরজুড়ে অবস্থানরত নিম্নচাপটি বৃহস্পতিবার আরও ঘনীভূত হয়ে উত্তর উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে।
বৃহস্পতিবার সকাল ৯টায় নিম্নচাপটির চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা ঝড়ো হাওয়া আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে এবং আপাতত গভীর সমুদ্রে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।
বুধবার রাঙামাটিতে দেশের সর্বোচ্চ ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস।
এই আবহাওয়ায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে আবহাওয়ার বুলেটিনে জানানো হয়েছে।
নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ পাওয়ার আশঙ্কা রয়েছে।
এবার অক্টোবরে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হলেও তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। তবে এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ হয়।
