অগ্রহায়ণের প্রথম দিন লঘুচাপের বৃষ্টি
সাগরে লঘুচাপের প্রভাবে অগ্রহায়ণের প্রথম দিন মুখ গোমড়া আকাশের।
বুধবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চলছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। আবহাওয়াবিদরা বলছেন, এমন আবহাওয়া চলতে পারে আরও দুদিন।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটির প্রভাবে বুধবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।
বাংলা পঞ্জিকার হিসাবে আর এক মাস পর শীত ঋতুর শুরু। দিন ও রাতের তাপমাত্রা ইতোমধ্যে কমতে শুরু করেছে।
মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায়, ১৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। আর দিনের তাপমাত্রা কমতে পারে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস।
নভেম্বর মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দু টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ পাওয়ার আশঙ্কা রয়েছে।
এবার অক্টোবরে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হলেও তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়নি। তবে এর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ হয়।
