এসএসসি পাসের পর জাল সনদে এমকম
এসএসসিতে প্রথম বিভাগে পাসের পর আর কোনো পরীক্ষায় অংশ না নিয়েও এমকম পর্যন্ত জাল সনদ দিয়ে এনসিসি ব্যাংকের কর্মকর্তা পদে চাকরি বাগিয়েছিলেন সিদ্দিকুর রহমান। কিন্তু এখন ধরা পড়ে দুদকের মামলার আসামি তিনি।
বুধবার ঢাকার মতিঝিল থানায় দুদক উপ-পরিচালক মো. ফজলুল হক বাদী হয়ে সিদ্দিকুরের বিরুদ্ধে মামলাটি করেন বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
ফাইল ছবি
দুদকের অনুসন্ধানের সময় সিদ্দিকুর চাকরিচ্যুত হন বলে প্রনব জানান।
মামলার এজাহার বলা হয়, সিদ্দিকুর রহমান ২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি এনসিসি ব্যাংকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পান। নিয়োগের সময় ব্যাংকে তিনি ১৯৯৭ সালে প্রথম বিভাগে এসএসসি, ১৯৯৯ সালে প্রথম বিভাগে এইচএসসি, ২০০২ সালে প্রথম শ্রেণিতে বিএম (অনার্স) এবং ২০০৩ সালে দ্বিতীয় শ্রেণিতে এমকম পাস সনদের সত্যায়িত অনুলিপি জমা দেন।
দুদকের অনুসন্ধানের কথা উল্লেখ করে এজাহারে বলা হয়, সিদ্দিকুর ২০১১ সালে জুনিয়র অফিসার পদে পদোন্নতি পান। কিন্তু তার এইচএসসি, বিকম (অনার্স) ও এমকম সনদ জাল। এসব পরীক্ষাতেই তিনি অংশগ্রহণ করেননি। তবে ১৯৯৭ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে তিনি প্রথম বিভাগে পাস করেছেন।
