২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক নির্মূলে কাজ করবেন মাশরাফি

মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সমাজের সবাইকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে এই ক্ষেত্রে নিজেও সক্রিয় হওয়ার প্রতিশ্রুতি দিলেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2017, 05:00 PM

Updated : 12 Apr 2022, 12:43 AM

বুধবার রাজধানীর বারিধারায় প্রত্যয় মেডিকেল ক্লিনিক প্রাঙ্গণে মাদক প্রতিরোধ বিষয়ক একটি অনুষ্ঠানে অংশ নেন তিনি।

মাদককে ভাইরাসের সঙ্গে তুলনা করে মাশরাফি বলেন, “মাদক একটা ভাইরাসের মতো, একটা জায়গায় ঢুকলে ছড়িয়ে পড়ছে। শোনা যাচ্ছে, এটি দেশে প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ছে।”

যারা মাদকে আসক্ত হয়েছেন, ‘ভুল সিদ্ধান্ত’ পথ থেকে তাদের ফিরিয়ে আনতে অন্য সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান জনপ্রিয় এই ক্রিকেটার।

“তাদের একটা সিদ্ধান্তকে ভুল মনে করে যদি তাদের সাপোর্ট না করি, তাদেরকে যদি কাউন্সেলিং না করি, পরিবার থেকে শুরু করে আরও কাছের মানুষ যারা আছেন সবাই মিলে আমরা যদি বোঝানোর চেষ্টা না করি, ভুলটাকে শুধরে দেওয়ার চেষ্টা না করি, তাহলে তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনা কঠিন হয়ে যাবে।”

মাদক নিরাময়ে কাজ করতে নিজের আগ্রহের কথাও জানান মাশরাফি। 

“আমারও খুব ইচ্ছা... আমার জায়গা থেকে চেষ্টা করব। একজন হলেও যদি ফিরিয়ে আনতে পারি, সেটা আমার কাছে ভালো লাগবে। সবার প্রতি আমার অনুরোধ, যারা এর ভেতরে ঢুকে গেছেন, আপনারা জীবনকে সুন্দর করুন। আর যারা ভালো আছেন, তাদের আর একজনও যেন নতুন করে না যান।”

প্রত্যয় ক্লিনিকের উদ্যোগে দেশজুড়ে মাদকবিরোধী আন্দোলনে নিজের সম্পৃক্ততার কথাও জানান মাশরাফি।

অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক মাদকের আগ্রাসন ও জঙ্গিবাদকে পৃথিবীতে বড় দুই সমস্যা হিসেবে চিহ্নিত করেন। 

তিনি বলেন, “আইন করে মাদক আসা-যাওয়া, দেশের ভেতরে ঢোকা, এসব নিয়ন্ত্রণ করা যায়; কিন্তু আইন করে মাদক সেবন বা মাদকের ক্ষতিকর বিষয়গুলো বন্ধ করা যায় না।

“আইনের পাশাপাশি সমাজে সচেতনতা গড়ে তুলতে হবে। পরিবারের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। যুবকরা যাতে মাদকের দিকে ধাবিত না হয়, সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে।”

‘আর মাদক নয়, এই হোক প্রত্যয়’ স্লোগানে মাদক প্রতিরোধ গণআন্দোলনের সূচনা অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান পরামর্শক সৈয়দ ইমামুল হোসেন, প্রত্যয় ক্লিনিকের চেয়ারম্যান নাজমুল হক।