২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলিতদের সুরক্ষায় প্রয়োজন গণমাধ্যমের অব্যাহত প্রচেষ্টা

পিছিয়ে পড়া ও দলিত জনগোষ্ঠীর সুরক্ষায় গণমাধ্যমকর্মীদের অগ্রণী ‍ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করছেন সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2017, 03:36 AM

Updated : 12 Apr 2022, 12:43 AM

সোমবার রাজধানীর সেভেন হিল হোটেলে ‘দলিত ও আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকতা’ শীর্ষক এক সংলাপের সঞ্চালনায় তিনি একথা বলেন।

ইশতিয়াক রেজা বলেন, “সংখ্যালঘু, দলিত ও আদিবাসীরা আক্রান্ত হলে গণমাধ্যম তাদের পাশে দাঁড়ায় এটা সত্য। কিন্তু আমাদের এমন রিঅ্যাক্টিভ জার্নালিজম থেকে বেরিয়ে প্রোঅ্যাকটিভ হতে হবে। তাদের সুরক্ষা নিশ্চিতে এবং অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

গণমাধ্যম বিষয়ক প্রতিষ্ঠান সমষ্টি, দলিতদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা এনএনএমসি, হেকস-ইপার এই অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ টেলিভিশনের এক্সিকিউটিভ এডিটর জাহিদুল ইসলাম, নিউজ টোয়েন্টিফোরের প্রধান বার্তা সম্পাদক শাহনাজ ‍মুন্নী, দেশ টিভির সিনিয়র নিউজ এডিটর সালমা ইয়াসমিন, দৈনিক যুগান্তরের সহকারী সম্পাদক সূচি সৈয়দ, সমষ্টির পরিচালক ও সাংবাদিক মীর মাসুরুর জামান রনি, হেকস-ইপারের সমন্বয়ক মোজাহিদুল ইসলাম আলোচনায় অংশ নেন।

সাংবাদিক জাহিদুল ইসলাম বলেন, দলিত ও আদিবাসীদের প্রতি সমাজের মূল ধারার মানুষের দৃষ্টিভঙ্গি ইতিবাচক ও সহযোগিতপূর্ণ করতে হবে। তাদের উন্নয়ন পরিকল্পনার অংশ করতে হবে।

“একা গণমাধ্যমের পক্ষে এই কাজ করা সম্ভব নয়। তবে তারা একটা ক্ষেত্র ও ইতিবাচক আন্দোলন সৃষ্টি করতে পারে, যা সমাজের প্রতিটি স্তরকে প্রভাবিত করবে।”

মূল ধারার গণমাধ্যমের পাশাপাশি ফেইসবুক, নাগরিক সাংবাদিকতা, সামাজিক মাধ্যমগুলোতেও পিছিয়ে পড়া মানুষের পক্ষে জনমত তৈরির প্রস্তাব দেন সাংবাদিক জাহিদুল। 

সাংবাদিক ইয়াসমিন সুলতানা বলেন, নিজেদের সমস্যা নিয়ে কাজ করতে আদিবাসীদের মধ্য থেকে গণমাধ্যমকর্মী তৈরি করতে হবে। তারা নিজেদের সমস্যা নিয়ে বেশি কাজ করতে পারবেন। তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে তাদের যুক্ত করতে হবে।

শাহনাজ মুন্নী বলেন, শুধু খবরে নয়, ফিচার, টিভি সংলাপ ও গণমাধ্যমের অন্য যে কোনো অনুষ্ঠানে দলিতদের সমস্যা নিয়ে আলোচনা করা যেতে পারে। তবেই পরিস্থিতির পরিবর্তন ঘটবে।

হেকস-ইপির সমন্বয়ক মুজাহিদুল ইসলাম বলেন, দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের বসত ভূমি থেকে উচ্ছেদ করছে। পেশি শক্তির ভয়ে তাদের জীবন যাপন সংকুচিত হয়ে আসছে। নানা প্রতিকূলতার কারণে দলিতদের জীবন বিপন্ন।

এই জনগোষ্ঠীর সুরক্ষায় গণমাধ্যম কীভাবে কাজ করতে পারে সেই পদক্ষেপ নিতে হবে। তাদের পক্ষে কথা বলার অভ্যাসটা ধরে রাখতে হবে।