ঢাকার কোন রাস্তায় যানজট কোথায় নেই, জানাবে পুলিশ
ঢাকার কোন কোন সড়কে যানজট আছে, বিকল্প কোন সড়ক দিয়ে গেলে এড়ানো যাবে এই ভোগান্তি- সেই তথ্য রেডিওর মাধ্যমে ১৫ মিনিট পর পর জানাবে ট্রাফিক পুলিশ।
নাগরিকদের এই সেবা দিতে রেডিও স্পাইস ৯৬.৪ এফএমের সঙ্গে চুক্তি করেছে তারা।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সোমবার রাতে গুলশানের ওয়েস্টিন হোটেলে ‘স্পাইস-ডিএমপি ট্রাফিক আপডেট’ নামে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সেখানে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন আহমদ বলেন, ট্রাফিক পুলিশের সার্জেন্ট থেকে বিভিন্ন পদমর্যাদার ছয়জন সদস্য এই সেবায় নিয়োজিত থাকবেন। ট্রাফিক নিয়ন্ত্রণ কক্ষ থেকেও সার্বক্ষণিক সহায়তা করা হবে।
এই সেবার মাধ্যমে প্রতি ১৫ মিনিট পর পর ঢাকার ‘ট্রাফিক আপডেট’ জানা যাবে। শনি থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এই সেবা দেওয়া হবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেন, “ঢাকার রাস্তায় বের হলেই সব কিছু পাল্টে যায়। যেখানে ১০টায় যাওয়ার কথা সেখানে বেজে যায় ১১টা। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যানজটমুক্ত নগরী করব। আমরা ধীরে ধীরে সেটাই করছি।
“একের পর এক ফ্লাইওভার করছি, মেট্রোরেল করছি। ধীরে ধীরে সব কিছুই এসে যাবে। তখন আমরা সেই জায়গাতে যেতে পারব। আমাদের প্রতিশ্রুতি পূরণ হবে।”
অনুষ্ঠানের ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মফিজ উদ্দিন আহমেদ বলেন, “একটি শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় ২৫ শতাংশ রাস্তা থাকার কথা থাকলেও আমাদের আছে মাত্র ৮ শতাংশ।
“এই অবস্থায় মহানগরে ট্রাফিক পুলিশের প্রায় চার হাজার সদস্য কাজ করে যাচ্ছে।”
র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ট্রাফিক আপডেট সম্প্রচারের ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণদের (ভিভিআইপি) চলাচলের সময় সাবধানতা অবলম্বনের পরামর্শ দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী, পুলিশের মহাপরিচালক একেএম শহীদুল হক, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
