গণপরিবহন না থাকায় জনভোগান্তি পূর্বাচল সড়কে
এক বছর আগে নির্মাণ কাজ শেষ হলেও তিনশ ফিট সড়ক হিসেবে পরিচিত ঢাকার কুড়িল-পূর্বাচল সড়কে এখনও চালু হয়নি কোনো গণপরিবহন; আর এতে দুর্ভোগে রয়েছেন ঢাকার উপকণ্ঠের কয়েকটি এলাকাসহ রাজধানীতে যাতায়াতকারী পূর্বাঞ্চলের মানুষ।
কুড়িল থেকে পূর্বাচল উপশহরের কাঞ্চন সেতু পর্যন্ত ৩০০ ফুট সড়কটির নির্মাণ কাজ শেষ হয় ২০১৬ সালে। তবে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এ প্রবেশপথের নির্মাণকাজ পুরোপুরি শেষ হওয়ার আগেই এ সড়কে যান চলাচল শুরু হয়ে যায়।
ঢাকার পূর্ব ও পশ্চিমের মধ্যে গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করছে সড়কটি। রাজধানীর দক্ষিণের প্রবেশপথ যাত্রাবাড়ী এবং উত্তরের টঙ্গী-আবদুল্লাহপুরের যানজট এড়িয়ে দেশের পূর্বাঞ্চল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা এবং সাভার, আশুলিয়া ও টঙ্গী এলাকায় যাওয়ার সহজ পথ এটি।
প্রতিদিন হাজার হাজার প্রাইভেট কার, মাইক্রোবাস ও ট্রাক এ সড়ক ধরে রাজধানীতে ঢুকছে, চলছে দূরপাল্লার কিছু বাসও। ঢাকার বিভিন্ন এলাকা থেকে পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় যেতে লোকজন এই সড়ক ব্যবহার করেন।
সড়কটির নির্মাণকারী সংস্থা রাজউক এটিকে যান চলাচলের জন্য উপযুক্ত বলে আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়ায় নির্মাণ কাজ শেষ হওয়ার এক বছরেরও চালু হয়নি কোনো গণপরিবহন। কিছু পুরোনো ব্যক্তিগত গাড়ি এ সড়কে ভাড়ায় যাত্রী আনা-নেওয়া করে।
কুড়িল, কাঞ্চন এবং ভুলতা এলাকায় গিয়ে চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, কুড়িল বিশ্বরোড থেকে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা এবং কাঞ্চন সেতুর পশ্চিম প্রান্ত পর্যন্ত চারশর বেশি এমন গাড়ি চলাচল করে।
ভুলতা এলাকার লাইনম্যান আইয়ুব আলী জানান, পুরোনো এসব ব্যক্তিগত গাড়ি প্রতিদিন প্রায় ১৫ হাজার মানুষ বহন করে।
এদিকে এসব প্রাইভেট কারের বেশিরভাগই মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ২৫ অক্টোবর থেকে সেগুলোকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত যেতে দিচ্ছে না পুলিশ।
গণপরিবহনের স্বাভাবিক ভাড়ার চেয়ে দ্বিগুণের বেশি ভাড়া হলেও সময় বাঁচিয়ে রাজধানীতে যাতাযাতে এসব প্রাইভেট কার করছিলেন এপথের যাতায়াতকারীরা। কোনো গণপরিবহন চালু ছাড়াই সেগুলোকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত যেতে না দেওয়ায় যাতায়াতে আরও দুর্ভোগ বেড়েছে তাদের।
বর্তমানে এসব গাড়ি পূর্বাচল সড়কের বালু সেতুর পূর্বপ্রান্ত পর্যন্ত আসে। সেখান থেকে অটোরিকশায় কুড়িল বিশ্বরোড। তবে এতে সময় এবং অর্থ দুটোই এখন আরও বেশি লাগছে বলে জানিয়েছেন এপথে যাতায়াতকারী কয়েকজন যাত্রী।
নারায়ণগঞ্জের আড়াইহাজারের বালিয়াপাড়ার আবদুল জব্বার বনানী সুপার মার্কেটে অনুবাদের দোকান চালান। শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, কোনো গণপরিবহন না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে।
“আমি যদি গুলিস্তান বা রামপুরা হয়ে বনানী যাই, তাহলে পুরো শহর ঘোরা লাগে, আড়াই থেকে তিন ঘণ্টা সময় লেগে যায়। গাউসিয়া থেকে ৩০০ ফুট হয়ে গেলে একঘণ্টাও লাগে না। কিন্তু বাস বা ভালো কোনো পরিবহন না থাকায় বেশ ঝামেলা হয়। আমরা চাই এই সড়কে বাস চালু হোক।”
তিনশ ফিট ধরে যেখানে যেখানে
রাজধানীর সঙ্গে পূর্বাঞ্চলের সংযোগে ২০১৩ সালের ৪ অগাস্ট পূর্বাচল সড়কের বালু সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে বছর বালু সেতু পর্যন্ত সড়কের কাজ শেষ হয়। ২০১৬ সালের শেষের দিকে কুড়িল থেকে পূর্বাচল উপশহর প্রকল্পের কাঞ্চন সেতু পর্যন্ত সড়কের নির্মাণকাজ শেষ হয়।
মূল সড়কটি চার লেনের। এছাড়া দুই পাশে দুই লেন বিশিষ্ট আরও দুটি সার্ভিস লেন রয়েছে। কুড়িল ফ্লাইওভার থেকে কাঞ্চন সেতুর পশ্চিম প্রান্ত পর্যন্ত এ সড়কের দৈর্ঘ্য ১৩ কিলোমিটার। কাঞ্চন ব্রিজের কাছে ঢাকা বাইপাস সড়কে মিলেছে দেশের অন্যতম প্রশস্ত এ সড়কটি।
কাঞ্চন সেতু পার হয়ে ঢাকা বাইপাস সড়ক ধরে সাড়ে সাত কিলোমিটার এগিয়ে গেলে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা চৌরাস্তা। সেখান থেকে সিলেট মহাসড়ক হয়ে নরসিংদী এবং ভৈরব হয়ে সিলেটসহ দেশের পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় যাওয়া যায়।
ভুলতা থেকে আরও ১৮ কিলোমিটার গেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশনন্দী ফেরিঘাট। ফেরিঘাট পার হলে কুমিল্লার হোমনা, মুরাদনগর এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নবীনগর উপজেলার বিভিন্ন এলাকায় যাওয়া যায়।
ভুলতা থেকে ঢাকা বাইপাস সড়ক হয়ে ১৩ কিলোমিটার গেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর। সেখান থেকে কুমিল্লা, বৃহ্ত্তর নোয়াখালী এবং চট্টগ্রাম যাওয়ায় যায়।
কাঞ্চন ব্রিজের পশ্চিম প্রান্ত থেকে বামদিকে ঢাকা বাইপাস সড়ক ধরে ১৫ কিলোমিটার গেলে টঙ্গী-ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের মীরেরবাজার। ২৭ কিলোমিটার গেলে গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা।
বিমানবাহিনীর সাবেক টেকনিশিয়ান বদর উদ্দিনের বাসা ক্যান্টনমেন্ট থানার বালুঘাট এলাকায়। ব্যবসার কাজে গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা থানার মরজালে যাতায়াত করেন। এ সড়কে বাস চালু হলে তাদের উপকার হবে বলছেন বদর উদ্দিন।
“এই সড়কে বাস নামালে আমাদের খুব উপকার হতো। এটা করা খুব দরকার। গুলিস্তান, যাত্রাবাড়ি এবং টঙ্গীর উপর চাপ কমত।”
“আমার মতো অসংখ্য লোক এই পথে যাতায়াত করতে চায়। কিন্তু বাস না থাকায় যেতে পারে না। প্রাইভেটকারে আসলে ১০০ টাকা করে ভাড়া গুণতে হয়। এছাড়া সড়কে জ্যাম থাকলে ভাড়া আরও বেশি নেয়। আবার সেগুলো সবসময় পাওয়াও যায় না। বাসে গাউসিয়া পর্যন্ত ভাড়া আসবে সর্বোচ্চ ৪০ টাকা। এ কারণে অনেকেই যাত্রাবাড়ি বা ডেমরা হয়ে রাজধানীতে যাতায়াত করে।”
বাস নামাতে চান পরিবহন মালিকরা
তিনশ ফিট সড়কে বাস নামাতে অনেক পরিবহন মালিকের আগ্রহ রয়েছে বলে জানান ঢাকা সড়ক পরিবহন সমিতির চেয়ারম্যান খন্দকার এনায়েত উল্লাহ।
আঞ্চলিক পরিবহন কমিটির (আরটিসি) এ সদস্য বলেন, রাজউক সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত বলে সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) বুঝিয়ে দিলে সে সড়কে বাস নামানো হবে।
“অনেকে রুট চাচ্ছে। তবে রাজউক সড়কটি এখনও হ্যান্ডওভার করেনি। যে কারণে আমরা বাস নামাতে পারছি না,” বলেন এনায়েত।
এ সড়কে গণপরিবহন নামাতে সড়ক বিভাগের পক্ষ থেকে কোনো আপত্তি নেই বলে জানান সড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মেট্রো আরটিসি বা জেলা আরটিসি যদি উদ্যোগ নেয় তাহলে সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ নাই। তারা যদি মনে করে বাস চলাচলের অনুমতি দেবে তাহলে দিতে পারে।”
তিনি বলেন, সড়কটি যান চলাচলের উপযোগী; রাজউকের আনুষ্ঠানিক ঘোষণার পর আবেদনগুলো বিবেচনা করা হবে।
“গত ১৭ অক্টোবর আরটিসির সর্বশেষ বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আমরা রাজউককে খুব তাড়াতাড়িই চিঠি পাঠাব যে এই সড়কে গণপরিবহন দিতে পারব কি-না। কারণ আনুষ্ঠানিকভাবে সড়ক পুরোপুরি চালু না হয়ে থাকলে এখানে আমরা গণপরিবহন দিতে পারব না।”
পূর্বাচলের সড়ক দিয়ে গণপরিবহন চালুর বিষয়ে এখনও বিআরটিএর কাছ থেকে কোনো চিঠি পাননি বলে জানান পূর্বাচল উপশহর প্রকল্পের পরিচালক আবদুল আউয়াল।
রাজউকের এই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্বাচলের সড়কে অনানুষ্ঠানিকভাবে যান চলাচল করলেও আগামী বছরের শুরুতে সড়কটিতে আনুষ্ঠানিকভাবে যানবাহন চলাচল উদ্বোধন করার বিষয়ে কাজ করছেন তারা।
আউয়াল বলেন, “আগামী বছরের প্রথমার্ধে মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে এই সড়কের আনুষ্ঠানিক উদ্বোধনের চিন্তাভাবনা আছে। আলাপ-আলোচনা চলছে। আমাদের মন্ত্রী মহোদয় এবং চেয়ারম্যান মহোদয় এ বিষয়ে ভালো বলতে পারবেন।”
