জ্যোতিপ্রকাশ দত্ত-মোজাফ্ফর হোসেনের হাতে হুমায়ূন সাহিত্য পুরস্কার
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ঊনসত্তরতম জন্মদিনে ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’ পেলেন জ্যোতিপ্রকাশ দত্ত ও মোজাফফর হোসেন।
জ্যোতিপ্রকাশ দত্ত প্রবীণ ও মোজাফফর হোসেন নবীন কথাসাহিত্যিক হিসেবে এ পুরস্কার পেলেন।
রোববার বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে দুইজনের হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
পুরস্কার কমিটির বিচারকমণ্ডলীর প্রধান এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম।
পুরস্কার ক্রেস্ট, সনদপত্র ও উত্তরীয়ের পাশাপাশি জ্যোতিপ্রকাশ দত্তকে পাঁচ লাখ এবং মোজাফফর হোসেনকে এক লাখ টাকা সম্মানী দেওয়া হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন।
অনুভূতি প্রকাশ করে জ্যোতিপ্রকাশ দত্ত বলেন, “হুমায়ূন আহমেদের নামে সাহিত্য পুরস্কারে আমাকে মনোনীত করা হয়েছে, এর জন্য আমি গর্বিত, আনন্দিত। হুমায়ূন আহমেদ বেঁচে থাকলে তিনি নিশ্চয়ই খুশি হতেন। বাংলা সাহিত্যের ক্ষেত্রে হুমায়ূন আহমেদ তার নিজস্ব একটি জায়গা তৈরি করে গেছেন। নিজেকে অনন্য মাত্রায় প্রতিষ্ঠিত করেছেন।”
মোজাফফর হোসেন বলেন, “এ পুরস্কারপ্রাপ্তিতে আমার লেখালেখির তাগাদা বেড়ে গেছে। লেখক হিসেবে হুমায়ূন আহমেদ চরিত্র ও গল্পকে এমনভাবে নির্মাণ করে গেছেন, যা আমাদের নবীনদের শিক্ষণীয়।”
তিনি বলেন, “আমার টিভি অভিনয়ের জীবনে হুমায়ূন আহমেদ না থাকলে আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, হয়তো সে জায়গাটি আমি অর্জন করতে পারতাম না।
“কেউ কেউ বলতেন, হুমায়ূন আহমেদ যতটা জনপ্রিয়, তার লেখনীতে আসলে ততটা গভীরতা নেই। আমি এসব সমালোচনা বুঝি না। আমি তো আজও দেখি, হুমায়ূনের বই কিনতে এখনো তরুণরা বইমেলায় ভিড় করে। তার বই যে প্রকাশনী থেকে আসে, তার সামনে এখনো ভিড় লেগে থাকতে দেখি। হুমায়ূন এমনভাবেই তার লেখার মধ্যে অনেক দিন বেঁচে থাকবেন।”
হুমায়ূন আহমেদের সহধর্মিণী মেহের আফরোজ শাওন বলেন,“হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কারটি প্রদানের দিনে তার মা আয়েশা ফয়েজ যদি বেঁচে থাকতেন, তবে তিনি ভীষণ খুশি হতেন। যারা হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন তারা সাহিত্যক্ষেত্রে এমন সব অবদান রাখবেন যাতে তরুণ প্রজন্মদের কাছে কাঙ্ক্ষিত এক পুরস্কার হয়, এক্সিম ব্যাংক-হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার।”
অনুষ্ঠানে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, “জীবনের গভীরতাবোধের বিশ্লেষণে হুমায়ূন আহমেদ এমন সব গল্প, চরিত্র সৃষ্টি করে গেছেন, যাতে ছিল এক অসাধারণ এক মৌলিক বৈশিষ্ট্য।”
পরে অধ্যাপক আনিসুজ্জামান দুই লেখকের সাহিত্যকর্ম নিয়ে বিশ্লেষণ করেন।
২০১৫ সালে প্রবর্তিত হয় এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার। ওই বছর প্রবীন বিভাগে শওকত আলী এবং নবীন বিভাগের সাদিয়া মাহ্জাবীন ইমাম এবং ২০১৬ সালে প্রবীন বিভাগে হাসান আজিজুল হক ও নবীন বিভাগে স্বকৃত নোমান।
