২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা সংসদের অষ্টাদশ অধিবেশনেও

রোহিঙ্গা সঙ্কট নিয়ে আবারও আলোচনা করবে জাতীয় সংসদ। চলমান অষ্টাদশ অধিবেশনেই এ বিষয়ে আলোচনা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2017, 06:59 PM

Updated : 19 Aug 2022, 05:57 PM

রোববার সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন।

সংসদের সপ্তদশ অধিবেশনেও রোহিঙ্গা সঙ্কট নিয়ে সংসদে আলোচনা শেষে একটি প্রস্তাব গ্রহণ করা হয়। প্রস্তাবে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে নাগরিকত্ব দিয়ে নিরাপদে বসবাস করার সুযোগ দিতে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ দেওয়ার কথা বলা হয়।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পাওয়া, রোহিঙ্গা ইস্যু ও সিপিএ সম্মেলন সফলভাবে সম্পন্ন করা নিয়ে দিন নির্ধারণ করে সংসদের বৈঠকে আলোচনা হবে।

বিভিন্ন দেশের আরও ৭৭টি ঐতিহাসিক নথি ও প্রামাণ্য দলিলের সঙ্গে বঙ্গবন্ধুর সেই ভাষণকেও গত মাসের শেষে ‘ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে ‘মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ যুক্ত করেছে ইউনেস্কো। এই স্বীকৃতি আগামী ২৫ নভেম্বর উৎসব করে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে কমিটির সদস্য বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, আবুল হাসনাত আব্দুল্লাহ, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, প্রধান হুইপ আ স ম ফিরোজ, মইন উদ্দীন খান বাদল ও আইনমন্ত্রী আনিসুল হক অংশ নেন।

পুরনো খবর:

রোহিঙ্গা সঙ্কট: মিয়ানমারকে চাপ দিতে সংসদে প্রস্তাব গ্রহণ