২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরের মেয়রের উদ্যোগ এগিয়ে নিতে চান সাঈদ খোকন

গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের উদ্যোগ এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2017, 07:47 PM

Updated : 19 Aug 2022, 05:55 PM

বুধবার পুরান ঢাকার নাজিরাবাজারে ‘জনতার মুখোমুখি মেয়র’ শীর্ষক অনুষ্ঠানে সাঈদ খোকন বলেন, রাজধানীর গণপরিবহনে ব্যাপক বিশৃঙ্খলা চলছে।

“আনিস ভাই চার হাজার বাস নামানোর মাধ্যমে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনার উদ্যোগ নিয়েছিলেন। আমিও সম্পৃক্ত ছিলাম তার সঙ্গে। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে এই চার হাজার বাস পাঁচটি কোম্পানির আওতায় আনব। গণপরিবহনে শৃঙ্খলা আনার যে প্রক্রিয়া তা আবার আমরা শুরু করব।”

মেয়ের সন্তান হওয়াকে সামনে রেখে গত ২৯ জুলাই লন্ডনে যান আনিসুল হক। সেখানে অসুস্থ বোধ করায় হাসপাতালে গেলে গত ৪ অগাস্ট পরীক্ষা চলার মধ্যেই তিনি সংজ্ঞা হারান। পরে তার সেরিব্রাল ভাসকুলাইটিস শনাক্ত করেন চিকিৎসকরা।

দীর্ঘদিন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে তার চিকিৎসা চলে। এরপর তাকে সেখান থেকে লন্ডনের আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

আগা সাদেক রোডের বাংলাদেশ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস রশীদ। এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং বিভিন্ন সেবা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগা সাদেক রোডের নাম পরিবর্তন করে সাবেক কাউন্সিলর নাজির হোসেন রোড এবং সিক্কাটুলী পার্কের নাম শহীদ খালেক সরদারের নামে করার ঘোষণা দেন সাঈদ খোকন।

পরে সাত কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ মাঠ এবং দুই কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে সিক্কাটুলী মাঠ ও পার্কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

রাস্তায় কোনো অবৈধ দোকানপাট বসতে দেওয়া হবে না বলে আবারও ঘোষণা দেন মেয়র সাঈদ খোকন। গুলিস্তান, মতিঝিল এলাকার ফুটপাত দখলমুক্ত করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল উল্লেখ করে মেয়র বলেন, “কারও চোখ রাঙানিতে কাজ হয়নি।

“অনেক বড় বড় লোক ছিল। প্রভাবশালী লোক ছিল, এমপি-মন্ত্রী। আমাকে দমাতে পারেনি। আমি বলেছি, ঢাকা শহরের মানুষের চলাচল আগে। তারপর অন্যকিছু, মানুষকে চলতে দেওয়া হবে।”

স্থানীয় লোকজনের নানা অভিযোগ শুনে সেসব বিষয়ে ব্যবস্থা নিতে বিভিন্ন সেবাসংস্থার প্রতিনিধিদের নির্দেশ দেন তিনি।

মাজেদ সরদার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান করতে চাইলে একটি মহলকে চাঁদা দিতে হয়- স্থানীয় এক আওয়ামী লীগ নেতা এমন অভিযোগ করলে এসব লোককে পুলিশে দেওয়ার আহ্বান জানান মেয়র।