২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক তৈয়বুর রহমানের মৃত্যু

অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন সাংবাদিক তৈয়বুর রহমান স্বপন, যিনি সহকর্মীদের কাছে তৈয়ব ভাই নামে পরিচিত ছিলেন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2017, 07:28 PM

Updated : 12 Apr 2022, 12:41 AM

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে তার মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করা তৈয়বুর রহমান বছর দুয়েক রংপুরে গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে ছিলেন। তার বয়স হয়েছিল ৫৮ বছর।  

বাড়িতেই মঙ্গলবার দুপুরে দগ্ধ হওয়ার পর তাকে হাসপাতালে আনা হয়েছিল বলে রংপুর মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান মারুফুল ইসলাম জানান। আগুনে তার কোমর থেকে নিচের অংশ দগ্ধ হয়েছিল।

তৈয়বুরের ছোট ভাই তাহমিদুর রহমান শাহীন জানান, তিন মাস আগে স্ট্রোকের পর তার ভাই বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন। মঙ্গলবার দুপুরে গোসল করানোর পর চেয়ারে বসিয়ে নিচে মশার কয়েল জ্বালিয়ে রাখা হয়েছিল। সেই কয়েল থেকে আগুন ধরে দগ্ধ হন তিনি।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর করার পর কাস্টমসে চাকরি নিয়েছিলেন তৈয়বুর রহমান। ওই চাকরিতে নিজেকে মানিয়ে নিতে না পেরে সাংবাদিকতায় চলে আসেন তিনি।

দৈনিক আজাদে কাজের মধ্য দিয়ে সাংবাদিকতার শুরু তৈয়বুরের। এরপর দৈনিক সংবাদ, প্রথম আলো, জনকণ্ঠ হয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে আসেন। এখানে কয়েক বছর বার্তা ও ক্রীড়া বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর দৈনিক মানবকণ্ঠে গিয়েছিলেন তিনি। এরপর কয়েকটি পত্রিকা ঘুরে সর্বশেষ রাইজিং বিডিতে কাজ করেন। পরে সেখান থেকেই বাড়িতে পরিবারের কাছে চলে যান তিনি।    

সংবাদে কাজ করার সময় বিয়ে করেন তৈয়বুর রহমান। বেশি দিন স্থায়ী হয়নি সংসার। তার কোনো ছেলে-মেয়ে নেই।