২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা সঙ্কট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের সহায়তা চাইলেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে অব্যাহত রাজনৈতিক ও মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2017, 09:50 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

মঙ্গলবার বঙ্গভবনে এক অনুষ্ঠানে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “রাখাইনের মুসলিমদের  সুরক্ষার বিষয়টি আপনাদের নজরে আনতে চাই। যারা সেখানে সব ধরনের নাগরিক সুবিধা বঞ্চিত এবং প্রতিনিয়ত বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

“বাংলাদেশ সরাসরি এই সমস্যার দ্বারা আক্রান্ত হচ্ছে। কারণ প্রায় দশ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এবং আমাদের সরকার তাদেরকে মানবিক কারণে আশ্রয় দিয়েছে। আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই সমস্যার রাজনৈতিক ও মানবিক সমাধানের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানানচ্ছি।”

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের ৬৩তম সম্মেলনে আসা প্রতিনিধিদের সম্মানে বঙ্গভবনে দেওয়া এক নৈশভোজে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

দরবার হলের ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সিপিএর সদ্য বিদায়ী চেয়ারপারসন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়া, সিপিএ সম্মেলনে যোগ দেওয়া প্রতিনিধি দলগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন।

মিয়ানমারের রাখাইনে নির্যাতনের শিকার হয়ে গত আড়াই মাসে ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে; আগে বিভিন্ন সময় আসা আরও ৪ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে শরণার্থী জীবন কাটাচ্ছে।

রাষ্ট্রপতি বলেন, “আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে জাতিসংঘের সাধারণ অধিবেশ এই সমস্যার সমাধানে ৫ দফা প্রস্তাব উত্থাপন করেছে। প্রধানমন্ত্রীর প্রস্তাবনা ও আনান কমিশনের সুপারিশ অনুসারে আমরা চাই রোহিঙ্গারা স্থায়ীভাবে তাদের জন্মভূমিতে ফিরে যাক এবং সেখানে নিরাপত্তা ও মর্যাদার সাথে বাস করুক।”   

কমনওয়েলথ দেশগুলোর প্রতি আবদুল হামিদ বলেন, “বিশ্বকে দারিদ্র্য, শোষণ, অসমতা থেকে দূরে রাখতে আমরা একসাথে স্বপ্ন দেখতে ও কাজ করতে পারি। আমরা পারি সবার জন্য অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করতে পারি। একসাথে আমরা দারিদ্র্য দূর করতে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, লিঙ্গ সমতা আনতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে কাজ করতে পারি।”

রাষ্ট্রপতি কমনওয়েলথ দেশগুলোর জনগণের মধ্যে যোগাযোগ বাড়াতে আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে সিপিএর বিদায়ী চেয়ারপারসন স্পিকার শিরীন শারমিন চৌধুরীও বক্তব্য রাখেন।

এর আগে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে অভ্যর্থনা জানান।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, সিপিএর নির্বাহী কমিটির সদস্য, সেনাপ্রধান, পুলিশের আইজি উপস্থিত ছিলেন।