২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্তর্ঘাতের আসামি মিরপুরের ২২ শিক্ষক খালাস

অন্তর্ঘাতমূলক তৎপরতা চালিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগের মামলায় ঢাকার মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের ২২ শিক্ষক খালাস পেয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2017, 04:56 PM

Updated : 11 Oct 2022, 02:42 PM

চার বছর আগে ‘গোপন বৈঠক’ থেকে তাদের গ্রেপ্তারের পর পুলিশের করা মামলায় ঢাকা মহানগর সপ্তম যুগ্ম ও ১৩ নম্বর বিশেষ ট্রাইবুনালের বিচারক মঞ্জুর কাদের রায় দেন।

বিচারক রায়ে বলেন, রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণে ব্যর্থ হওয়ায় সবাইকে বেকসুর খালাস দেওয়া হল।

রায়ের সময় জামিনে থাকা এই শিক্ষকদের সবাই এজলাসে হাজির ছিলেন।

এই শিক্ষকরা হলেন- মো. আব্দুল মফিজ (৪২), মো. শাহাদাত হোসেন (৪১), মো. জাহাঙ্গীর আলম (৪৮), জি এম আবুল কালাম আজাদ (৪৩), মো. শফিকুল ইসলাম (৩৫), মো. শাহ আলম (৪৯), মো. শাহ আলম সরকার (৩৩),  মো. আসাদুজ্জামান (৩৯), মো. মোশারফ হোসেন (৪৪), মো. রাশেদুল ইসলাম বিপ্লব (৩৯), মো. রেজাউল করিম (৪২), মো. দেলোয়ার হোসেন (৪৮), মো. এনামুল হক (৫৩), মো. মাহবুবুল ইসলাম (৩৮), এবিএম নূরুল ইসলাম (৫২), মো. জাহেদুল হক (৪২), মো. মাসুম বিল্লাহ (৪৮), শেখ আবু সাঈদ (৪৩), মোস্তারী জাহান ফেরদৌসী (৩৪), ফেরদৌস আরা (৫১), জাকিয়া মাকসুদ (৫০)ও ফাতেমা জহুরা (৫১)।

২০১৩ সালের ২১ অক্টোবর এই ১৮ জন পুরুষ এবং ৪ জন নারী শিক্ষককে আটকের পর বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন মিরপুর থানায় এসআই মনিরুজ্জামান।

মামলায় তিনি বলেছিলেন, দেশকে অস্থিতিশীল করা এবং সরকার উৎখাতের লক্ষ্যে বিদ্যালয় ভবনে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন ‘জামায়াতে ইসলামীর সমর্থক’ এই শিক্ষকরা।

শিক্ষকরা পরে হাই কোর্ট থেকে জামিন পান।

ওই বছরের ৩০ নভেম্বর মিরপুর থানার এসআই মো. রফিকুল ইসলাম আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০১৬ সালের ১৯ জানুয়ারি অভিযোগ গঠন হয়।

রাষ্ট্রপক্ষে ১৩ জনের মধ্যে ৮ জনের সাক্ষ্য নিয়ে রায় দেন বিচারক মঞ্জুর কাদের।

নারী শিক্ষকদের আইনজীবী পারভেজ হাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার এজাহারে শিক্ষকরা জামায়াত-শিবির ও বিএনপির পেশাজীবী সংগঠনের কর্মী বলে উল্লেখ করলেও অভিযোগপত্রে তাদের কোনো দলীয় পরিচয় উল্লেখ করা হয়নি।

“অন্তর্ঘাত  বা সরকার উৎখাতের ষড়যন্ত্র তো নয়ই, কোনো সভা হয়েছে, তা প্রমাণ করতেও রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে।”

পুরুষ শিক্ষকদের পক্ষে মামলাটি লড়েন খায়রুল ইসলাম লিটন।রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শাহ্জাহান হাওলাদার।