মৌলবাদ ব্যাপারটা হিস্টিরিয়ার মতো জড়িয়ে গেল: ব্রাত্য বসু
সাম্প্রদায়িকতা দুই বাংলার সংস্কৃতি বিকাশের পথে ‘বড় বাধা’ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত ভারতের পশ্চিমবঙ্গ সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু।
সোমবার বিকালে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশের নাট্যকর্মীদের সঙ্গে অন্তরঙ্গ আড্ডায় তিনি বলেন, “মৌলবাদ একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটা ক্রমাগত বাড়ছে। মৌলবাদ ব্যাপারটা হিস্টিরিয়ার মতো জড়িয়ে গেল সবখানে।”
সংস্কৃতিকর্মীদের ‘নৈতিকতার প্রতিনিধি’ উল্লেখ করে তিনি বলেন, “মানুষের মাঝে নীতিবোধ সৃষ্টিতে কাজ করে যাওয়া। সে তিনি মন্ত্রী হোন কিংবা আর অন্য কেউ। তিনি যদি তা না করেন তবে সাংস্কৃতিক কর্মীর লক্ষ্য থেকে তিনি বিচ্যুত হবেন।”
রাজনীতিবিদ পরিচয়ের বাইরে ব্রাত্য বসু অভিনেতা, পরিচালক হিসেবেও খ্যাতি কুড়িয়েছেন পশ্চিমবঙ্গে।
শিল্পকলা একাডেমি ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে একাডেমির সেমিনার কক্ষে আয়োজিত এ আড্ডায় উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ, ড. ইনামুল হক, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, কেরামত মওলাসহ বিভিন্ন নাট্য সংগঠনের কর্মীরা।
ব্রাত্য বসু বলেন, “বাংলা নাটক এখন খারাপ সময় কাটাচ্ছে। এই সমস্যা সারা বিশ্বের। মঞ্চ নাটকে ভাটার টান চলছে। যারা এ নিয়ে কাজ করেন তারা প্রত্যেকেই এ নিয়ে চিন্তিত। শুধু থিয়েটার নয়, বিশ্বজুড়েই যারা চিন্তা সংক্রান্ত কাজ করছেন তারা সবাই অক্রান্ত হচ্ছে। সেটা শিল্প-সাহিত্য শিল্পকলা দর্শন প্রতিটি মাধ্যমেই।”
তিনি রসিকতা করে বলেন, “সংস্কৃতি দু ধরনের। একটা শুনলে মাথা দোলে যেমন ক্ল্যাসিকাল মিউজিক। আরেক ধরনের সংস্কৃতি রয়েছে যা শুনলে পা দুলে ওঠে। এই মাথার সংস্কৃতি যে এখন বড় বিপন্ন।”
রাজনীতির ময়দানে ব্যস্ততা বাড়লেও থিয়েটারের প্রতি তার দরদ এতটুকু কমেনি।
ব্রাত্য বসু বলেন, “থিয়েটার হচ্ছে আমাদের বেঁচে থাকার মাধ্যম। আমাদের কাজ দিয়েই আমাদের পরিচয়। থিয়েটার এর সঙ্গে ‘ক্ষণযোগ’ রয়েছে। যা হওয়ার মঞ্চে উপস্থাপনের সময়ই হয় খানিক পরেই তা মরে যায়। তাই তাৎক্ষণিক উপলব্ধিটা থিয়েটারে খুব বড় বিষয়। প্রকৃতপক্ষে একজন শিল্পীর প্রকৃত জন্মদিন তার মৃত্যুর পর। সমকালে তাকে নিয়ে যে মূল্যায়ন চলে তাতে অনেক রং মিশে থাকে।”
ব্রাত্য বসু ২০১১ সালের বিধানসভা নির্বাচনে দমদম থেকে নির্বাচিত হন। এই নির্বাচনে তিনি সিপিএমের মন্ত্রী গৌতম দেবকে পরাজিত করেন।
তার বাবা নাট্যব্যক্তিত্ব বিষ্ণু বসু। তার ‘ব্রাত্যজন’ নামে একটি থিয়েটার গ্রুপ রয়েছে।
