২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্দীপনা থাকলেও প্রভাবশালীদের ক্ষেত্রে কার্যকর নয় দুদক: টিআইবি

বর্তমানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) এক ধরনের উদ্দীপনা থাকলেও প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি সেভাবে কার্যকর হতে পারেনি বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 11:44 PM

Updated : 19 Aug 2022, 05:54 PM

রোববার সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান এই মতপ্রকাশ করে বলেন, “আমরা অনেক সময় দেখতে পাই, দুদকের যে নেট তার মধ্যে যদি প্রভাবশালী বা ক্ষমতার কাছাকাছি ব্যক্তিদের অবস্থান হয়, তাহলে দুদক প্রত্যাশিতভাবে ভূমিকা রাখছে বলে সঠিকভাবে প্রতীয়মান হয়নি। অনেক ক্ষেত্রে দুদক প্রভাবমুক্ত বা স্বাধীনভাবে কাজ করছে সেটা বলা যাবে না।”

দুদকের গণশুনানির উপর টিআইবি পরিচালিত ‘দুর্নীতি প্রতিরোধে দুদক পরিচালিত গণশুনানি: কার্যকারিতা, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

Image
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান

এক্ষেত্রে বিচারপতি জয়নুল আবেদিনের দুর্নীতির তদন্ত নিয়ে উচ্চ আদালতের চিঠির বিষয়ে এক প্রশ্নে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, “আপনি আদালতের যে দৃষ্টান্ত দিলেন, এটা অবশ্যই বিতর্কিত একটা বিষয়। সেটা নিয়ে ব্যাপকভাবে আলোচনা হয়েছে, হচ্ছে। এবং আমরা মনে করি না যে, এটা যদি অযৌক্তিক হয়ে থাকে তাহলে সেটা আদালততো নয়ই, কোনো পক্ষ থেকে করা উচিত নয়।

“সরকার কিংবা সরকারের প্রতিষ্ঠিত যে কোনো প্রতিষ্ঠানের পক্ষে এটা করা কোনোভাবে ঠিক নয়। হলেও দুদকের এমন অবস্থা থাকবে যে, তারা প্রত্যাখ্যান করবে বা অবজ্ঞা করবে। সেই এখতিয়ার কিন্তু দুদকের আছে।”

টিআইবি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গণশুনানিতে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে উপজেলা ভূমি অফিসের বিরুদ্ধে, যা মোট অভিযোগের ৫৭ ভাগ।

এরপর ক্রমান্বয়ে রয়েছে- পল্লী বিদ্যুৎ(২৬), রাজউক (২৪), সেটেলমেন্ট অফিস (২০), সাব-রেজিস্ট্রার অফিস (২০), উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (২০), ইউনিয়ন ভূমি অফিস (১২), বিআরটিএ (৪), উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস (৪), উপজেলা মৎস্য অফিস (১), সমাজসেবা কার্যালয় (১) এবং কমিউনিটি ক্লিনিক (১)।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ভূমি অফিসে কী ধরনের অভিযোগ বেশি আসে এর উত্তরে টিআইবি’র গবেষণা ও পলিসি বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. ওয়াহিদ আলম বলেন, নামজারিতে অনিয়ম, ঘুষ গ্রহণ, প্রভাবশালীদের ভূমি দখলের সময় প্রশাসনের সহায়তা না পাওয়া- এসব অভিযোগই বেশি ভূমি অফিসের বিরুদ্ধে।

গবেষণা প্রতিবেদনে গণশুনানি কার্যক্রম আরও বেশি কার্যকর ও গতিশীল করার জন্য কিছু সুপারিশ তুলে ধরেন গবেষক শহিদুল ইসলাম।

তার মধ্যে রয়েছে- কর্মকর্তাদের বদলি, অবসর বা অন্য কারণে যাতে অভিযোগের সমাধান বাধাগ্রস্থ না হয় সে ব্যবস্থা করা। একটি শুনানির পর আবার ফলোআপ শুনানি বা প্রতিশ্রুতি অনুযায়ী কী পরিমাণ কাজ হয় তা দেখভাল করা। যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বেশি অভিযোগ রয়েছে সে সব খাত ও প্রতিষ্ঠানের ওপর পৃথক পৃথক গণশুনানির আয়োজন করা। এছাড়া গণশুনানিতে অভিযোগ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করা।

তিন বছর ধরে চলা গণশুনানি বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন ইফতেখারুজ্জামান।