২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দখল উচ্ছেদে কারও কাছে মাথা নত নয়: মেয়র খোকন

উচ্ছেদ করা জায়গা আবার দখল হলে সেখানে আবার অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2017, 11:09 PM

Updated : 19 Aug 2022, 05:54 PM

রোববার রাজধানীর লালবাগের আমলীগোলায় চারটি খেলার মাঠের উন্নয়নকাজ উদ্বোধন করতে এসে তিনি বলেন, “কারও কাছে মাথা নত করা হবে না।”

এক সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বেশিরভাগ খেলার জায়গা প্রভাবশালীদের দখলে থাকলেও সেগুলো দখলমুক্ত করার কথা বলেন মেয়র।

“অনেক প্রভাবশালী লোক ছিল। কোনো প্রভাবশালী লোকের কাছে মাথানত করি নাই। এসব মাঠ দখলমুক্ত করে আপনাদের ব্যবহার উপযোগী করার কাজ করছি। এগুলোকে আন্তর্জাতিক মানের মাঠ হিসেবে গড়ে তুলতে কাজ করছি।”

“বেড়ি বাঁধের উচ্ছেদ কার্যক্রম শুরু করেছি। আপনারা আমার সাথে থাকবেন। উচ্ছেদ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই কাজ চলবে।”

ঢাকা দক্ষিণের ৩১টি পার্ক ও খেলার মাঠ আধুনিকায়নের জন্য নেওয়া ‘জলসবুজে ঢাকা’ প্রকল্পের আওতায় আমলীগোলা খেলার মাঠ, বালুরঘাট খেলার মাঠ, শহীদনগর মিনি স্টেডিয়াম এবং মরহুম দেলোয়ার হোসেন খেলার মাঠের উন্নয়নকাজ শুরু হয়েছে। এ কাজে ব্যয় হবে ৭ কোটি ১৫ লাখ টাকার বেশি।

আগামী বছরের জুন মাসে এসব মাঠের উন্নয়নকাজ শেষ হবে বলে সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, “আজ ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের খুশির দিন, আনন্দের দিন। আজ এই এলাকায় একসঙ্গে ৪টি খেলার মাঠ ও পার্কের উদ্বোধন হচ্ছে।

“আড়াই বছর আগে ঢাকার ভোটাররা আমাকে নির্বাচিত করেছেন। এখন তাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার সময়। নির্বাচিত হওয়ার আগে রাজধানীর বেশিরভাগ অলিগলিতে সড়কবাতি জ্বলত না। এখন অবস্থার পরিবর্তন হয়েছে। সব রাস্তায় এখন বাতি জ্বলে।”

২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান প্রকৌশলী ফরাজী শাহাবুদ্দিন আহমেদ, স্থপতি রফিক আজম এবং ডিএসসিসির কয়েকজন ওয়ার্ড কাউন্সিলরসহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

৫৩ কাঠা আয়তনের আমলীগোলা মাঠ ও পার্কের উন্নয়নে ২ কোটি ২১ লাখ টাকা, ৪০ কাঠার বালুরঘাট খেলার মাঠ উন্নয়নে ১ কোটি ৭০ লাখ টাকা,  ৬০ কাঠা আয়তনের শহীদনগর মিনি স্টেডিয়ামের জন্য ১ কোটি ৬৫ লাখ টাকা এবং ৫০ কাঠা আয়তনের মরহুম দেলোয়ার হোসেন খেলার মাঠের আধুনিকায়নে ১ কোটি ৫৭ লাখ টাকা ব্যয় হচ্ছে।