দুর্ঘটনায় কর্মকর্তার মৃত্যু: কভার্ড ভ্যান চালকের বিচার শুরু
এক বছর আগে দুর্ঘটনায় তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় শাহ সিমেন্টের কভার্ড ভ্যানের চালক কামরুজ্জামানের বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত।
রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আগামী ২৪ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণের দিন রাখেন।
এ সময় আসামির অব্যাহতির আবেদন নাকচ করেন বিচারক।
কাঠগড়ায় দাঁড়ানো কামরুজ্জামানকে (২৪) অভিযোগ পড়ে শোনালে তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।
গত বছরের ১৭ অক্টোবর ঢাকার রায়েরবাগে ফুট ওভারব্রিজের পশ্চিমপাশে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা সহিদুল ইসলাম (৫২)।
এসময় শাহ সিমেন্টের কভার্ড ভ্যানের ধাক্কায় রাস্তায় পড়ে যান তিনি: ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় সহিদুলের স্ত্রী ইয়াসমীন আক্তার বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় দণ্ডবিধির ২৭৯ এবং ৩০৪(ক) ধারায় কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা করেন।
এ বছরের ৩১ মার্চ কামরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন যাত্রাবাড়ি থানার এসআই মো. কামাল উদ্দীন মুন্সী।
