২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হল এপিআইএস অধিবেশন

এশিয়া প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ে ডিজিটাল বিভাজন দূর করাসহ স্বল্প ব্যয়ে উচ্চগতির টেরিস্ট্রিয়াল ইন্টারনেট সংযোগ ব্যবহারের সুযোগ এ অঞ্চলের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2017, 11:36 PM

Updated : 19 Aug 2022, 05:53 PM

বৃহস্পতিবার হোটেল সোনারগাঁও এ জাতিসংঘের ইকোনমিক অ্যান্ড সোস্যাল কমিশন ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (এসকাপ) এর এশিয়া প্যাসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ে (এপিআইএস) এর স্টিয়ারিং কমিটির দু’দিনব্যাপী অধিবেশনের সমাপনী অনুষ্ঠানে তিনি এই আশাবাদ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, এপিআইএস বাস্তবায়নের মাধ্যমে এশিয়ার প্যাসিফিক অঞ্চলে ডিজিটাল বিভাজন দূর করায় যেমন ভূমিকা রাখবে তেমনি সংশ্লিষ্ট দেশসমূহের অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে বৈদেশিক ট্রাফিক চলাচলের জন্য বিদ্যমান ব্যয় হ্রাস করবে।

একই সঙ্গে স্বল্প ব্যয়ে উচ্চগতির টেরিস্ট্রিয়াল ইন্টারনেট সংযোগ ব্যবহারের সুযোগ এ অঞ্চলের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে বলেও আশা পলকের।

তিনি বলেন, দেশের সব নাগরিককে ইন্টারনেট সংযোগের আওতায় নিয়ে আসতে কাজ হচ্ছে এবং আগামী ২০২১ সালের মধ্যে সবার জন্য ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা যাবে। ৫০ শতাংশ ব্রডব্যান্ড কানেকটিভি এ সময়ের মধ্যে করা হবে।

এপিআইএস এর মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে স্টিয়ারিং কমিটির এই অধিবেশনে জাতিসংঘের এসকাপভুক্ত ৫৬ দেশের প্রতিনিধিসহ দেশি-বিদেশি  শতাধিক প্রতিনিধি অংশ নেয়।

এই অধিবেশনে এপিআইএস এর মহাপরিকল্পনায় অন্তর্ভূক্ত কানেক্টিভিটি, ইন্টারনেট ট্রাফিক ম্যানেজমেন্ট, ই-রেসিলিয়েন্স এবং ব্রডব্যান্ড ফর অল -- এই চারটি স্তম্ভ এবং মধ্যবর্তী মেয়াদে (২০১৬-১৮) বাস্তবায়নের লক্ষ্যমাত্রা পূরণের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

গত বছর ২৯-৩০ আগস্ট চীনের গুয়াংজুতে এপিআইএস ওয়ার্কিং গ্রুপের এর দ্বিতীয় সভায় বাংলাদেশকে এক বছরের জন্য ওয়ার্কিং গ্রুপের সভাপতি হিসেবে নির্বাচিত করে।