বাঙালির জাগরণে ‘ভোরের পাখি’ ধীরেন্দ্রনাথ দত্ত
ধর্মের ভিত্তিতে ভারত ভাগের পর বাঙালির মধ্যে জাতীয় চেতনার বোধ জাগিয়ে তুলতে ভূমিকা রাখা শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকে বাঙালির জাগরণের ‘ভোরের পাখি’ অভিহিত করেছেন রাজনীতিক লেখক নূহ-উল-আলম লেনিন।
ধীরেন্দ্রনাথ দত্তের পাকিস্তান গণপরিষদে সর্বপ্রথম বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি তোলার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, “পাকিস্তানের মদিরা পানে আচ্ছন্ন বাঙালি জাতির মনের তন্ত্রীতে প্রথম টংকার তুলে তাদের জাগরণের সাগ্নিক হয়ে আছেন তিনি।”
ধীরেন্দ্রনাথ দত্তের ১৩১তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বাংলা একাডেমিতে তার স্মারক বক্তৃতায় লেনিন বলেন, “আমাদের জাতিসত্তার গঠন প্রকৃতি যে যৌগিক এবং ধর্ম যে একান্তই ব্যক্তিগত বিশ্বাস ও আচরণের বিষয়, ধীরেন্দ্রনাথ দত্ত তার জীবনচর্চায় তা কেবল তত্ত্বের পর্যায়ে না রেখে জীবনভর ধর্ম পরিচয়ের ঊর্ধ্বে মানুষে মানুষে সেতুবন্ধ রচনা করার নিরলস কর্মযজ্ঞ চালিয়েছেন।
এক্ষেত্রে ধীরেন্দ্রনাথ দত্তের আত্মকথার প্রসঙ্গ টানেন লেনিন; যেখানে তিনি লিখেছিলেন, “আমি জেলে বসিয়া গীতা ও কোরান পাঠ করিয়াছি। পাঠ করিয়া কোরান ও গীতার মূলতত্ত্ব একই উপলব্ধি করিয়াছি।”
বাংলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে ‘ভোরের পাখি শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত’ শীর্ষক স্মারক বক্তৃতা দেন রাজনীতিক লেনিন।
ধর্মের ভিত্তিতে সৃষ্টি হওয়া পাকিস্তান গণপরিষদে প্রথম মাতৃভাষা বাংলার মর্যাদার দাবি তুলেছিলেন এই ধীরেন্দ্রনাথ দত্ত। একাত্তরে শহীদ হওয়ার আগ পর্যন্ত স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যান তিনি।
তার সেই সংশোধনী প্রস্তাব গণপরিষদের ভোটে বাতিল হয়ে গেলেও তা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে বলে উল্লেখ করেন নূহ-উল-আলম লেনিন।
“১৯৪৮ সালের গণপরিষদের সভায় ধীরেন্দ্রনাথ দত্তের এই ঐতিহাসিক ভাষণটিকে আমরা কীভাবে দেখব? আমি শুরুতেই বলেছি, ধীরেন্দ্রনাথ দত্ত ছিলেন ভোরের পাখি। এ কথা এখন সর্বজন স্বীকৃত যে, সংবিধান সভায় ধীরেন দত্তের ওই ঐতিহাসিক ভাষণই আমাদের ভাষা আন্দোলনে প্রত্যক্ষ ইন্ধন জুগিয়েছিল।”
পাকিস্তান সৃষ্টির জন্য ধর্ম ও সাম্প্রদায়িক ভাবাদর্শ মুসলমান মানসকে ‘প্রবলভাবে প্রভাবিত ও সাময়িক হলেও আচ্ছন্ন করেছিল’ উল্লেখ করে লেনিন বলেন, প্রথম দিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দীও উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার পক্ষে ছিলেন।
ধীরেন্দ্রনাথ দত্তের আজীবন রাজনৈতিক কর্মকাণ্ডে ‘মানুষই প্রধান’ ছিল বলে স্মারক বক্তৃতায় বিভিন্ন উদাহরণ দিয়ে দেখান নূহ-উল-আলম লেনিন।
এক্ষেত্রে ধীরেন্দ্রনাথ দত্তের আত্মকথার ‘তুমি দেশকে ভালোবাসতে পারবে না, যদি না মানুষকে ভালোবাসো’ এবং ‘যদি দেশের জনগণের সেবা করিতে পারি, তাহাই হইবে আমার জীবনে বিশ্বমানবের সেবা’ প্রসঙ্গ টেনে স্মারক বক্তা বলেন, “ধীরেন্দ্রনাথ দত্ত তার কথা রেখেছেন। কথায়, কাজে ও চিন্তায় জীবনের প্রতি পদে, প্রতি মুহূর্তে দেশের জনগণের সেবা করে তিনি বিশ্বমানবের সেবা করে গেছেন।”
ব্রিটিশবিরোধী আন্দোলনে থাকায় কয়েকবার গ্রেপ্তার হন ধীরেন্দ্রনাথ। ধর্মের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করলেও তখনকার ত্রিপুরা জেলার বিভক্তির পর জন্মভূমিতেই থেকে যান।
“কিন্তু নির্লোভ চরিত্রের এই মানুষটি তার দেশপ্রেমের অঙ্গীকার রক্ষায় পাকহানাদার বাহিনীর হাতে জীবন দিয়ে প্রমাণ করেছেন, তিনি কত বড় মাপের অগ্নিশুদ্ধ মানুষ ছিলেন।”
পাকিস্তানে সামরিক শাসন জারি হওয়ার পর ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় ধীরেন্দ্রনাথকে গৃহবন্দি করা হয়। তাকে রাজনীতিতে নিষ্ক্রিয় করার চেষ্টাও হয় সে সময়।
১৯৭১ সালের ২৯ মার্চ রাতে ছেলে দিলীপকুমার দত্তসহ ধীরেন্দ্রনাথ দত্তকে ধরে নিয়ে যাওয়া হয় ময়নামতী সেনানিবাসে। সেখানেই তাকে নির্যাতন করে হত্যা করা হয়।
তিনি আরও বলেন, “যার কাছে ‘সবার উপরে মানুষ সত্য’, মানুষের প্রতি ভালোবাসাই যার কাছে দেশকে ভালোবাসার নামান্তর, তিনি আধুনিক বাঙালি জাতিসত্তা নির্মাণের অন্যতম পথিকৃৎ।”
বাংলা একাডেমির সচিব আনোয়ার হোসেন স্মারক বক্তৃতা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
