২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু: যুক্তরাষ্ট্রে বাধা দেখছেন মন্ত্রী মঞ্জু

যুক্তরাষ্ট্রের কারণে এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনে উন্নয়নশীল দেশগুলো আদৌ কোনো সুবিধা পাবে না বলে মনে করছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2017, 08:49 PM

Updated : 19 Aug 2022, 05:53 PM

আগামী ৬-১৭ নভেম্বর জার্মানির বনে অনুষ্ঠেয় এই সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও কঠোর সমালোচনা করেছেন তিনি।

‘মন না চাইলেও রুটিন কাজ হিসেবে’ জার্মানিতে এই সম্মেলনে যাচ্ছেন বলে জানান মঞ্জু।

মন চাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “প্যারিস সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত ১৬৮টি দেশ অনুসমর্থন করেছে। একটা দেশ (যুক্তরাষ্ট্র) বলল… আর বাকিরা সব হুতায় পড়ছে।

“আগে পৃথিবীতে দুটো পরাশক্তি থাকায় একটা ব্যালেন্স হত, যার সুফল উন্নয়নশীল দেশগুলো পেত। এখন একটা বিশেষ দেশ সে একাই সেই মুগুর পৃথিবীময় ঘুরিয়ে বেড়াচ্ছে।”

পুরনো কথাগুলো বলার জন্য এবং প্যারিস চুক্তির অগ্রগতি জানার জন্য ‘বিরাট দল’ যাচ্ছেন জানালেও অগ্রগতি যে ‘শূন্য’ সেটা নিজেই বলেন মঞ্জু।

“লক্ষ্যণীয় বিষয় হল চীন আমেরিকাকে আহ্বান জানিয়েছে আসুন এই সঙ্কটে আমরা একসঙ্গে কাজ করি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে নেতৃত্ব তারা ওয়ার্ল্ড অর্ডারটাকে ডিফাই (তুচ্ছ করা) করছে এবং চ্যালেঞ্জ করছে।”

জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটির একটি হিসেবে উদ্বেগ জানাতে গেলেও তাতে যুক্তরাষ্ট্রের অবস্থান যে পরিবর্তন হবে, তাও মনে করছেন না তিনি।

ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর পরাশক্তি যুক্তরাষ্ট্রের আচরণে পরিবর্তনের কথাও বলেন মঞ্জু।

“আমরা ছোটবেলা থেকে লক্ষ্য করে আসছি সরকার পরিবর্তনের সাথে সাথে এর আগের সরকার যা করেছে সব খারাপ। এখন এই দেশটিতে (যুক্তরাষ্ট্র) সেই রকম অবস্থা। তারা উন্নয়নশীল দেশের মতো বিহ্যাভ করা শুরু করেছে, এখন আমাদের উন্নত দেশের মতো বিহ্যাভ করতে হবে।”

পরিবেশমন্ত্রীর মতে, প্যারিস চুক্তির আগেই ‘ভালো’ ছিল বাংলাদেশ। তখন দ্বিপক্ষীয় সম্পর্ক ধরে কিছু অর্থ বাংলাদেশ পেত, যা এখন পাওয়া যাচ্ছে না।

সম্মেলনে প্রাপ্তি শূন্য হবে মনে করলেও তারপরও যাওয়ার পক্ষে যুক্তি দেন মঞ্জু।

“আসার পরে আপনারা জিজ্ঞাসা করবেন, কী পেলেন? আমি বলব, কিছুই পাইলাম না ….এ সম্মেলনে বাংলাদেশের উপস্থিতি একান্ত প্রয়োজন। এর কারণ আবহাওয়ার পরিবর্তনে যেসব দেশ ক্ষতিগ্রস্ত হয়, তার মধ্যে বাংলাদেশ অন্যতম।”

জলবায়ু সম্মেলনে বাংলাদেশ ক্ষতিপূরণ শব্দটা ব্যবহার করবে না জানিয়ে মঞ্জু বলেন, “আমরা গ্র্যান্ট (অনুদান) চাইব। বলব, আমরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি এজন্য কমপেনসেট কর।”

জলবায়ু তহবিলের অর্থ ব্যয়ে অনিয়ম-দুর্নীতি নিয়ে এক প্রশ্নের জবাবে পরিবেশমন্ত্রী বলেন, “(জলবায়ু তহবিলের দুর্নীতি নিয়ে) স্পষ্ট করে বলে টিআইবি খুব বিপদে আছে। আগে যত শক্তভাবে লিখতে পারত, এখন পিছলাইয়া যাচ্ছে। ধরে আবার ধরে না, ছাড়ে আবার ছাড়ে না। আমরা প্রজেক্ট নিতে পারছি না এটা হয়ত এক সময় ছিল, এটা বর্তমানে নেই।”

জলবায়ু তহবিলের অর্থে বিভিন্ন মন্ত্রণালয়ে প্রকল্প বাস্তবায়ন হওয়ার তথ্য জানিয়ে তিনি বলেন, “আমি কোনো প্রজেক্ট বাস্তবায়ন করি না।”

ফিজিতে প্রি-কপে অংশ নিয়ে আসা পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, “যাদের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি তাদের ক্ষতিপূরণ দিতে হবে, প্রি-কপে এটা নিয়ে আলোচনা হয়েছে। সেখানে একটা বিশেষ দেশের মন্ত্রী নিজেকে অনেকটা অপরাধী হিসেবে মনে করে সেখানে ছিল।”

পরিবেশ ও বন সচিব ইসতিয়াক আহমদ বলেন, “(জলবায়ু ইস্যুতে) আমাদের স্বার্থ যাতে রক্ষা হয় এজন্য সংশ্লিষ্টদের নিয়ে আমরা একটি স্ট্র্যাটেজি করেছি, বৈশ্বিক প্রচেষ্টা আমাদের থাকবে।

 “আমাদের ফোকাসটা থাকবে রুল বুকটা প্রণয়ন করা। রুল বুকে বিভিন্ন অ্যাসপেক্ট থাকবে, এটা হবে বৈশ্বিক বিষয়। এছাড়া ফাইন্যান্সিংয়ের বিষয়গুলোতে আমার বেশি জোর দেব।”