‘হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন জ্যোতিপ্রকাশ দত্ত, মোজাফফর হোসেন
কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে পাক্ষিক পত্রিকা অন্যদিন প্রবর্তিত ‘হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার’ পাচ্ছেন জ্যোতিপ্রকাশ দত্ত ও মোজাফফর হোসেন।
মূলত কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য একজন প্রবীণ ও একজন তরুণ কথা সাহিত্যিককে এ পুরস্কার দেওয়া হয়।
এবার ‘এক্সিম ব্যাংক-অন্যদিন হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার ২০১৭’ এর জন্য মনোনীত হয়েছেন জ্যোতিপ্রকাশ দত্ত। তরুণ ও নবীন বিভাগে পাচ্ছেন মোজাফফর হোসেন।
পুরস্কার হিসেবে তারা পাবেন যথাক্রমে পাঁচ লাখ ও এক লাখ টাকার অর্থ পুরস্কার। এ ছাড়া ক্রেস্ট ও সনদ দেওয়া হবে।
কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত ষাটের দশকের গুরুত্বপূর্ণ লেখক। ষাটের দশক নিয়ে যেকোনো বিবেচনায় অনিবার্যভাবে যাদের নাম উঠে আসবে, জ্যোতিপ্রকাশ দত্ত তাদের অন্যতম, ব্যতিক্রমীও।
নবীন শাখায় ‘অতীত একটা ভিনদেশ’ গল্পগ্রন্থের জন্য এ বছরের পুরস্কার পাচ্ছেন মোজাফফর হোসেন। মূলত ছোটগল্প লেখেন তিনি। পাশাপাশি অনুবাদক ও সাহিত্য সমালোচক হিসেবেও পরিচিতি রয়েছে তার।
পুরস্কার বিজয়ী দুই লেখকের নাম ঘোষণা উপলক্ষে বৃহষ্পতিবার বিকালে বাংলা একাডেমির সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম এবং এক্সিম ব্যাংকের অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জি, অন্যদিনের নির্বাহী সম্পাদক আবদুল্লাহ নাসের।
আয়োজকরা জানান, হুমায়ূন আহমেদের জন্মদিন আগামী ১৩ নভেম্বর। এর আগের দিন এক অনুষ্ঠানে দুইজনের হাতে সাহিত্য পুরস্কার তুলে দেওয়া হবে।
ওইদিন বিকালে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজন করা হয়েছে পুরস্কার প্রদান অনুষ্ঠানের। এতে প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
মাজহারুল ইসলাম বলেন, “পাক্ষিক অন্যদিন-এর সঙ্গে কথাশিল্পী হুমায়ূন আহমেদের ছিল আত্মার সম্পর্ক। আমাদের প্রিয় লেখক আজ নেই। কিন্তু তার সৃষ্টিশীল কর্ম রয়ে গেছে। হুমায়ূন আহমেদের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে, কথা সাহিত্যিকদের অনুপ্রাণিত করতে অন্যদিন প্রবর্তন করেছে এ পুরস্কার।”
এবার সাহিত্যকর্ম যাচাই কমিটির সভাপতি ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
