২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হ্যালো, আপনার ছেলে সমস্যায় পড়েছে, টাকা লাগবে’

ছেলে বাহরাইন যাবে; আবুল বাশার কিছুক্ষণ আগেই ছেলেকে পৌঁছে দিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। কিন্তু ফেরার পথেই একটি ফোনকলে দুশ্চিন্তায় পড়ে যান।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2017, 05:23 PM

Updated : 12 Apr 2022, 12:38 AM

তাকে ফোন করে এক ব্যক্তি বলেন, বিমানবন্দরে কিছু সমস্যায় পড়েছেন তার ছেলে, তাই কিছু টাকা লাগবে। আগপিছ না ভেবেই বাশার ৩৬ হাজার টাকা পাঠিয়ে দেন ওই ব্যক্তির কাছ থেকে পাওয়া বিকাশ নম্বরে।

কিন্তু ছেলে বাহরাইন পৌঁছার পর তার সঙ্গে কথা বলে রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা বাশার বুঝতে পারেন, প্রতারিত হয়েছেন তিনি।

গত ১৭ মার্চের ওই ঘটনায় মামলা হলে তদন্তে নেমে ঢাকার বিমানবন্দরকেন্দ্রিক একটি প্রতারক চক্রের সন্ধান পায় সিআইডি।

বুধবার চক্রের হোতা মো. জাবেদসহ তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে। অন্য দুইজন হলেন বিকাশ এজেন্ট মো. ইউসুফ ও মেহেদী হাসান। জাবেদকে বিমানবন্দর ও দুই বিকাশ এজেন্টকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।

প্রতারণার এই কৌশলটিকে একেবারেই ‘নতুন’ উল্লেখ করে সিআইডি বলছে, চক্রটি এভাবে বিদেশগামী যাত্রীর স্বজনদের কাছ থেকে বিপুল টাকা হাতিয়ে নিচ্ছে।        

সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোহাম্মদপুর থানার মামলাটি তদন্ত করতে গিয়ে নতুন এবং অভিনব প্রতারক চক্রের সন্ধান মেলে।

তিনি বলেন, “গত ১৭ মার্চ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পার্কিং এলাকায় মোহাম্মদপুর এলাকার আবুল বাশারের সাথে প্রতারক জাবেদের পরিচয় হয়। ছেলেকে বিমানবন্দরে ঢুকিয়ে দিয়ে ফেরার পথে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড জাবেদের সাথে বাশারের বেশ কিছুক্ষণ কথা হয়। এসময় বাশারের ছেলে এবং তাদের পরিবারের বেশ কিছু তথ্য নিয়ে নেয় জাবেদ।

“বাহরাইন যাওয়ার জন্য বাশারের ছেলে বিমানে উঠার পরপরই মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়। এই সুযোগটি কাজে লাগিয়ে বাশারকে ফোন করে জাবেদ জানায় তার ছেলে বিমানবন্দরের ভেতরে সমস্যায় পড়েছে, কিছু টাকা লাগবে।”

ছেলের ভবিষ্যতের কথা ভেবে এবং কোনো ঝামেলায় যেন না পড়ে সেজন্য জাবেদের পরামর্শে বাশার ৩৬ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে দেন বলে জানা পুলিশ কর্মকর্তা নজরুল।

“কিন্তু পরে বাহরাইনে ছেলের সঙ্গে কথা বলে বাশার জানতে পারেন সেদিন বিমানবন্দরে কোনো সমস্যা হয়নি।”

‘অত্যন্ত ধূর্ত প্রকৃতির’ জাবেদ নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করায় বিমানবন্দরে তার পরিচিতি আছে বলে জানান মোল্যা নজরুল।

তিনি বলেন, “বিদেশগামী যাত্রী বা বিমানবন্দরে এগিয়ে দিতে আসা পরিবারের সদস্যদের সাথে কৌশলে সখ্যতা গড়ে ও ফোন নম্বর সংগ্রহ করে জাবেদ। এরপর যাত্রী বিমানে উঠার পরপরই স্বজনদের ফোন করে সমস্যার কথা বলে এভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়।

এরা দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল জানিয়ে সিআইডি কর্মকর্তা নজরুল জানান, গ্রেপ্তারের পর জাবেদ এক হাজারের বেশি যাত্রীর পরিবারের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন।

“নির্ধারিত বিকাশ এজেন্টের মাধ্যমে সে টাকা নিত। এসব বিকাশ এজেন্ট এই চক্রেরই সদস্য।”

এমন আরো কয়েকটি চক্র সক্রিয় আছে জানিয়ে মোল্যা নজরুল বলেন, তাদেরকেও গ্রেপ্তারে তারা কাজ করছেন।