খাল উদ্ধারে অভিযান শুরুর ঘোষণা মেয়র খোকনের
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সব খাল উদ্ধারে বৃহস্পতিবার থেকেই অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
বৃহস্পতিবার চানখাঁরপুল এলাকায় এক অনুষ্ঠানে মেয়র বলেন, “আমাদের শহরে জলাবদ্ধতার অন্যতম কারণ খালগুলো দখল হয়ে যাওয়া।
“এই খালগুলো উদ্ধার না করতে পারলে জলাবদ্ধতা থেকে এই শহরের মানুষকে মুক্তি দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। জলাবদ্ধতা দূরীকরণে খাল উদ্ধারের কার্যক্রম আমরা আজ থেকে শুরু করলাম।”
কামরাঙ্গীরচর-কালুনগর খাল উদ্ধারের মাধ্যমে এ কাজ শুরু হবে জানিয়ে সাঈদ খোকন বলেন, “এটা প্রতিদিন চলবে। জেলা প্রশাসন দক্ষিণ সিটি করপোরেশনকে এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করছে। আমি এ ব্যাপারে দক্ষিণ সিটির নাগরিকদেরও সহায়তা চাই।
“খালের যেসব অংশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে, সেসব অংশ বাদ দিয়ে এ কার্যক্রম চালাব। যতক্ষণ পর্যন্ত খাল উদ্ধার করা যাচ্ছে, ততক্ষণ এ কার্যক্রম চলবে।”
দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এখন ছয়টি খালের অস্তিত্ব রয়েছে জানিয়ে মেয়র বলেন, “এ এলাকায় অনেকগুলো খাল হারিয়ে গেছে। অনেকগুলোর অস্তিত্ব আজ নেই। কোনোমতে টিকে আছে এরকম খালের সংখ্যা ছয়টি।”
এর আগে জলাবদ্ধতা নিরসনে নাজিমউদ্দিন রোডের উন্নয়ন, পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং ৩০ কোটি টাকা ব্যয়ে ১২ তলা বিশিষ্ট চাঁনখারপুল মার্কেটের উন্নয়ন কাজের উদ্বোধন করেন মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
পরে জনতার মুখোমুখি জনপ্রতিনিধি অনুষ্ঠানে মেয়র স্থানীয় বাসিন্দাদের নানা সমস্যার কথা শোনেন।
বকশিবাজার থেকে ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত সড়কের দুপাশের নালাগুলো পরিষ্কার না করায় সড়কে জলাবদ্ধতা তৈরি হয় বলে মেয়রের কাছে অভিযোগ করেন বকশিবাজারের বাসিন্দা আক্তারুজ্জামান খান সোহরাব।
তার এ অভিযোগের সঙ্গে সমস্বরে সায় দেন অনুষ্ঠানে থাকা স্থানীয় বাসিন্দারা।
মেয়র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেন।
প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর শফিকুল আলম জানান, আগামী শুক্রবার থেকে সেখানে কাজ শুরু করা হবে।
বকশিবাজার এলাকার কয়েকটি গলিতে পানি না থাকায় এলাকাবাসীর দুর্ভোগ হচ্ছে বলে অভিযোগ করেন আরেক বাসিন্দা মাঈনুদ্দিন।
পাম্পের জন্য জায়গা দিতে পারলে আগামী এক মাসের মধ্যে সেখানে পাম্প বসানোর কাজ শুরু করা যাবে বলে জানান তিনি।
মেয়র স্থানীয় কাউন্সিলরের কাছে পাম্প বসানোর মতো খালি জায়গা আছে কি-না জানতে চান। কাউন্সিলর আছে জানালে সেখানে কাজ শুরু করতে বলেন মেয়র।
জয়নাগ রোডে প্রতিদিন সকাল থেকে দুপুর ৩টা এবং সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত গ্যাস থাকে না বলে অভিযোগ করেন মো. হেলাল উদ্দিন নামে একজন বাসিন্দা।
তার অভিযোগ শুনে মেয়র তিতাস গ্যাস প্রতিনিধিকে এ সমস্যা সমাধানে ব্যবস্থা নিতে বলেন।
