২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের ‘মিটার রিডারের’ কোটি টাকার সম্পদ

ঢাকায় বিদ্যুতের এক মিটার রিডারের কোটি টাকার সম্পদের খোঁজ পেয়ে তার অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2017, 08:05 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

মো. মোশাররফ হোসেন নামে ওই ব্যক্তি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) মিটার রিডার।

তার সম্পদের হিসেব চেয়ে মঙ্গলবার নোটিসও পাঠানো হয়েছে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

দুদক কর্মকর্তাদের সন্দেহ, তৃতীয় শ্রেণির কর্মচারী মোশাররফের এই সম্পদ অবৈধ অর্থে হয়েছে।

প্রনব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনুসন্ধানে মোশাররফ হোসেনের নামে নরসিংদী শহরে দুই কোটি টাকার ছয়তলা বাড়ি, গাজীপুরের ১৪ শতাংশ জমি ও ময়মনসিংহে ৩ দশমিক ১২ একর জমি পাওয়া গেছে। এসব সম্পদ অবৈধভাবে অর্জিত বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে।”

Image
বিদ্যুতের মিটার কারসাজি করে মিটার রিডারদের ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে

বিদ্যুতের মিটার কারসাজি করে মিটার রিডারদের ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে

রাজধানীর ডেমরায় কর্মরত এই মিটার রিডারের বিরুদ্ধে অভিযোগ, ওই সম্পদ অর্জনে তিনি মিটার টেম্পারিং, অবৈধ লাইনসহ বিভিন্ন জালিয়াতির আশ্রয় নিয়েছেন।

গত ২২ অক্টোবর মোশাররফের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত দেয় কমিশন।

দুদকের সহকারী পরিচালক মো. নুরুল ইসলাম সরকার অভিযোগটি অনুসন্ধান করেন বলে প্রনব জানান।