২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণরাই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবতায় আনছে:পলক

তরুণদের উৎসাহ ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে প্রতিদিন বাস্তবতায় রূপান্তর করছে বলে মনে করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2017, 07:51 PM

Updated : 19 Aug 2022, 05:52 PM

‘ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ ২০১৭’ এর তিনদিনব্যাপী চূড়ান্ত ইভেন্টের পর সোমবার রাতে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রতিমন্ত্রী এ কথা বলেন।

পলক বলেন  “আজ তরুণদের অসাধারণ সব আইডিয়াগুলোর মাধ্যমে ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জের মতো একটি প্ল্যাটফর্ম আমাদের দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের তরুণদের মাঝে স্টার্ট-আপ সংস্কৃতি ছড়িয়ে উদ্ভাবনী শক্তি বাড়াতে ইউএনডিপি ও আইসিটি ডিভিশনের একসাথে কাজ করা কতটা জরুরি। তরুণদের এই উৎসাহ ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবতায় রূপান্তর করছে প্রতিদিন।”

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিমন্ত্রী বিজয়ী ৩টি দলকে জনতা টাওয়ারে কো-ওয়ার্কিং স্পেস বরাদ্দের ঘোষণা দেন এবং বিজয়ী দলসহ অন্যান্য প্রতিযোগী দলকে আইসিটি ডিভিশন কর্তৃক বাস্তবায়িত ইনোভেশন ডিজাইন অ্যান্ড অন্ট্রাপ্রেনিওরশিপ একাডেমি (আইডিয়া) প্রকল্পেও জমা দিতে বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে ইউএনডিপি বাংলাদেশের একটিং কান্ট্রি ডিরেক্টর কিওকো ইয়োকো সুকা বলেন “তারুণ্যে সমৃদ্ধ বাংলাদেশ একটি তরুণ দেশ। ইউএনডিপি এই বৃহৎ তরুণ জনসংখ্যাকে সঠিক প্ল্যাটফর্ম এবং প্রয়োজনীয় দক্ষতা প্রদানে আগ্রহী, আমাদের বিশ্বাস এটি দেশের একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে তাদেরকে সাহায্য করবে।”

দ্বিতীয় বছরের মতো ঢাকায় অনুষ্ঠিত হল ‘ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ’ এর আইডিয়া ল্যাব, যা বিজয়ী তিনটি আইডিয়া নির্বাচনের মাধ্যমে শেষ হয় গত সোমবার।

বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন, ফেইসবুক ও  মাইক্রোসফটের সহযোগিতায় ডিজিটাল খিচুড়ি চ্যালেঞ্জ আয়োজন করে ইউএনডিপি।

বিষেশজ্ঞদের সহযোগিতায় ও নির্দেশনায় পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য বিজয়ী তিনটি দল পুরস্কার হিসেবে ৫০০০ ডলার লাভ করে।

তিনদিনের ইভেন্টে ৩০ জন প্রতিযোগী ৬ টি দলে বিভক্ত হয়ে তাদের প্রাথমিক পরিকল্পনাগুলো উন্নয়নে কাজ করে।