ঢাকা মেডিকেলে বহির্বিভাগের ফটক আটকে চিকিৎসকদের আন্দোলন
রোগীর মৃত্যুর পর স্বজনদের ‘হামলার’ ঘটনায় দোষীদের বিচার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ফটক আটকে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষানবিশ চিকিৎসকরা।
মঙ্গলবার সকাল সোয়া ৯টা থেকে বহির্বিভাগ বন্ধ থাকায় বাইরে থেকে আসা রোগী ওতাদের স্বজনরা পড়েছেন ভোগান্তিতে।
ঢাকা মেডিকেল কলেজ ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যতক্ষণ পর্যন্ত ডাক্তারদের মারধরের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় না আনা হবে, আমাদের আন্দোলন চলবে।”
নওশাদ আহমেদ নামে ৫২ বছর বয়সী এক হৃদরোগী গত রোববার দুপুরে ঢাকা মেডিকেলের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে লালবাগ থেকে ‘বহিরাগত’ কিছু লোক এসে হাসপাতালে হামলা করে।
ওই ঘটনায় চারজন চিকিৎসক, তিনজন আনসার ও কয়েকজন নার্স আহত হন; শামিম নামে একজন চিকিৎসকের হাত ভেঙে যায়।
হামলার পর নিরাপত্তার কথা বলে চিকিৎসকরা হাসপাতালের জরুরি বিভাগে সেবা তিন ঘণ্টা বন্ধ রাখেন। ফলে বিভিন্ন জেলা থেকে আসা রোগী ও তাদের স্বজনরা পড়েন বিপদের মধ্যে।
সেদিন ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করেছিল পুলিশ। তাদের বিরুদ্ধে একটি মামলা করার কথা জানিয়েছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।
রোগীর মৃত্যুর পর স্বজনদের ‘হামলার’ ঘটনায় দোষীদের বিচার ও কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ফটক আটকে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষানবিশ চিকিৎসকরা। ছবি: দীপু মালাকার
আন্দোলনে থাকা এক ইন্টার্ন চিকিৎসক বলেন, “যে হাত দিয়ে চিকিৎসক সেবা দেবে, সেই হাতই যদি ভেঙে দেয়, তাহলে কীভাবে তিনি দায়িত্ব পালন করবেন?”
তাদের নেতা মোস্তাফিজুর রহমান বলেন, “আমাদের কর্মক্ষেত্রে কোনো নিরাপত্তা নেই, চিকিৎসকদের কোনো ভুল ত্রুটি হলে বহিরাগতরা হামলা চালায়। আমরা কর্মক্ষেত্রে নিরাপত্তা চাই।”
মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্হিবিভাগে টিকেট বিক্রি শুরু হয় সকাল ৮টা থেকে। আর সোয়া ৯টার দিকে ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মসূচি শুরু করেন।
ঢাকার ডেমরা থেকে সকালে মেডিকেলে আসা আতিয়া নামের এক ষাটোর্ধ নারী জানালেন তিনি ক্যান্সারে আক্রান্ত। বহির্বিভাগে এসেছিলেন রিপোর্ট দেখাতে। কিন্তু গেইট বন্ধ থাকায় ভেতরেই যেতে পারছেন না।
মানিকগঞ্জ থেকে দুই বছরের শিশু জাকির হোসেনকে নিয়ে বহির্বিভাগে ডাক্তার দেখাতে এসেছিলেন তার বাবা-মা। তারা জানান, জাকির পায়ুপথের জটিলতায় ভুগছে। বহির্বিভাগের চিকিৎসক মঙ্গলবার আসতে বলেছিলেন। কিন্তু গেইট বন্ধ থাকায় তারা বিপাকে পড়েছেন।
রোগীদের ভোগান্তির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ডা. মোস্তাফিজ বলেন, “ইমার্জেন্সি গেইট খোলা আছে। জরুরি চিকিৎসা লাগলে ওই গেইট দিয়ে গিয়ে নিতে সমস্যা নেই।”
আন্দোলন কতক্ষণ চলবে জানতে চাইলে ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মোশাররফ হোসেন মিজান বলেন, “এমনিতেও বেলা দেড়টার পর বহির্বিভাগে টিকেট দেওয়া হয় না। আমরা আজ দেড়টা পর্যন্তই এখানে অবস্থান করব। তবে কর্মক্ষেত্রে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা না হলে অনির্দিষ্টকাল আমাদের অবস্থান কর্মসূচি চলবে।”
