আইপিইউতে ‘ইমারজেন্সি আইটেম’ রোহিঙ্গা সঙ্কট, ‘গুরুত্বপূর্ণ’ ভাবছে বাংলাদেশ
রাশিয়ায় অনুষ্ঠিত ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলনে রোহিঙ্গা সঙ্কটকে ‘ইমারজেন্সি আইটেম’ হিসাবে পাওয়াকে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ অর্জন হিসাবে বর্ণনা করেছেন সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান।
রোববার জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সেখানে নেতৃত্বদানকারী ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বিষয়টিকে ‘ইমারজেন্সি আইটেম’ হিসাবে পাওয়ার প্রক্রিয়াও তুলে ধরেন।
তিনি বলেন, “আইপিইউ সাধারণ সভায় রোহিঙ্গা ইস্যুটি গৃহীত হবার পর বিষয়টি আন্তর্জাতিক মহল খুবই গুরুত্বের সাথে এখন বিবেচনা করছেন বলে আমাদের বিশ্বাস। জাতিসংঘের চেয়ে পুরনো, সারা বিশ্বের ১৭৩টি দেশে ৬৫০ কোটি মানুষের প্রতিনিধ্ত্বিশীল সর্ববৃহৎ সংসদীয় ফোরামে রোহিঙ্গা ইস্যুটি গৃহীত হবার বিষয়টি মিয়ানমারের বিরুদ্ধে বিশ্বজনমতের প্রতিফলন বলে বিবেচনা করা হচ্ছে।”
গত ১৪ থেকে ১৮ অক্টোবর রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে বসে আইপিইউ অ্যাসেম্বলি। যেখানে ইমারজেন্সি আইটেম হিসাবে বাংলাদেশের ছিল- ‘আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার স্বার্থে রোহিঙ্গাদের ভয়াবহ মানবিক সঙ্কট, জাতিগত নিপীড়ন ও হামলা বন্ধকরণ এবং রোহিঙ্গাদের নিঃশর্তে ও নিরাপদে মিয়ানমারে ফিরিয়ে নেওয়া।’
প্রতিবছর কোন একটি বিষয়কে এভাবে ইমারেজেন্সি আইটেম হিসাবে গ্রহণ করার প্রসঙ্গ টেনে ফজলে রাব্বী মিয়া বলেন, “আইপিইউ অ্যাসেম্বলির সাধারণ সভায় রোহিঙ্গা ইস্যুটি বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়। ইমারজেন্সি আইটেম হিসেবে বাংলাদেশের প্রস্তাবিত রোহিঙ্গা ইস্যুটি ভোটাভুটিতে ১ হাজার ২৭ ভোট পেয়ে গৃহীত হয়। এর বিপরীতে মিয়ানমার তাদের প্রস্তাবের পক্ষে পায় মাত্র ৪৭ ভোট।”
সাধারণ আলোচনায়ও রোহিঙ্গা ইস্যুকে জোরালোভাবে তুলে ধরার চেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে ছিল বলে জানান ডেপুটি স্পিকার।
সেখানে বাংলাদেশের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই মানবিক বিপর্যয়ের স্থায়ী সমাধান মিয়ানমারকেই করতে হবে। বিশ্ব সম্প্রদায় যদি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দুরবস্থা স্বচক্ষে দেখতেন তাহলে জানতে পারতেন কীভাবে মিয়ানমারে গণহত্যা হয়েছে। ধর্ষণ, অগ্নিসংযোগ, নারী ও শিশু হত্যাসহ অমানুষিক নির্যাতন করা হচ্ছে, যা বিশ্ব মানবতাকে কেবল আহত করেনি; যা ঘটেছে তা হয়েছে মানবাধিকারের চরম লঙ্ঘন ও পরিকল্পিত জাতিগত নিধন।”
বিগত তিন বছর সাফল্যের সঙ্গে দায়িত্বপালন এবং নতুন নতুন উদ্যোগ গ্রহণ করায় আইপিইউ’র বিদায়ী প্রেসিডেন্ট বাংলাদেশে সাবের হোসেন চৌধুরী ‘বেশ প্রশংসিত’ হয়েছেন বলেও উল্লেখ করেন ফজলে রাব্বী মিয়া।
সংসদ সদস্য সাবেরের রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘অর্ডার অব ফ্রেন্ডশীপ’ পাওয়ার পাশাপাশি আইপিইউ’র আজীবন প্রেসিডেন্ট হওয়ার প্রসঙ্গ টানেন তিনি।
অন্যদের মধ্যে প্রতিনিধিদলের কো-চেয়ারম্যান জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, প্রতিনিধিদলের সদস্য হুইপ শহিদুজ্জামান সরকার, সাংসদ আবুল কালাম আজাদ, পঙ্কজ দেবনাথ, সাবরিনা আক্তার তুহিন সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।
