২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামিদুজ্জামান খানের ভাস্কর্যে দেশ-কালের গল্প

অর্ধশতকের বেশি সময় ধরে হামিদুজ্জামান খানের তৈরি করা তিন শতাধিক ভাস্কর্য ও ২৫টি চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2017, 11:15 PM

Updated : 11 Oct 2022, 02:41 PM

জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে শুক্রবার ‘হামিদুজ্জামান খান: রেট্রোস্পেকটিভ’ শিরোনামে এই প্রদর্শনীর উদ্বোধন করেন লেখক, চিত্র সমালোচক বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর।

শিল্পী হামিদুজ্জামান খান বলেন, “শিল্পী জীবনের শুরু থেকেই নানা নিরীক্ষায় পথ চলছি আমি। ভাস্কর্যে হোক বা শিল্পকর্মে আমি নানা মাধ্যমে নিরীক্ষা করতে ভালোবাসি। আমার এমনই সব নিরীক্ষাধর্মী কাজ নিয়ে এ প্রদর্শনী সাজানো হয়েছে। যতদিন শিল্পচর্চা করব, ততদিন আমি নিরীক্ষা করে যাব।”

বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর বলেন, “ঢাকা শহর কীভাবে গাছপালা-পাখপাখালি আর পানি নিয়ে ক্রমাগত বেড়ে উঠছে, তার শৈল্পিক ধারণা পাওয়া যায় হামিদুজ্জামান খানের শিল্পকর্মে। তার শিল্পকর্মে কোনো ভয়াবহ কঠিন বিষয় কিন্তু নেই। তিনি যা করেন, বড় ভালোবেসে করেন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের সভাপতি হাশেম খান।

তিনি বলেন, “হামিদুজ্জামানের ভাস্কর্যে বারবার উঠে এসেছে মুক্তিযুদ্ধকালীন নানা প্রেক্ষাপট, উঠে এসেছে পাকবাহিনীর ভয়াবহতার কথা। তিনি বিভিন্ন ধাতুর সমন্বয়ে একের পর এক যে শিল্পকর্ম করে যাচ্ছেন, তা ভীষণ গুরুত্বপূর্ণ।”

প্রদর্শনীতে ব্রোঞ্জ, স্টেইনলেস স্টিল, মার্বেল, অ্যালুমিনিয়াম, গ্রানাইট, স্টিল, কপার, কাঠে করা ভাস্কর্যগুলোতে উঠে এসেছে মুক্তিযুদ্ধ, প্রকৃতি আর নারীর কথা।

ব্রোঞ্জের ভাস্কর্য ‘রিমেমব্র্যান্স’-এ উঠে এসেছে মুক্তিযুদ্ধের গল্প, যে গল্প বীরত্ব আর অসম সাহসিকতার বিবরণ দেয়।

‘একাত্তর’, ‘কম্পোজিশন’, ‘পোর্ট্রেইট’, ‘বার্ড’, ‘ইমেজ অব ডল’, ‘ড্রিম’ ভাস্কর্যগুলো বলে বাংলার মানুষ আর ঐতিহ্যের কথা। ‘উবার চার’ শিরোনামের মিক্সড মিডিয়ার ভাস্কর্যে হামিদুজ্জামান বলেছেন, প্রকৃতির উন্মত্ততার গল্প। স্টিল অ্যান্ড পেইন্টেড মাধ্যমে নারীকে তিনি হাজির করেছেন আলোকবর্তিকারূপে।

প্রদশর্নীর চিত্রকর্মগুলোর মাধ্যম অ্যাক্রেলিক, জলরঙ, পেন্সিল স্কেচ। একাত্তরের ভয়াবহতা ফুটিয়ে তুলতে ‘রিমেমব্র্যান্স’ সিরিজে তিনি অ্যাক্রেলিকের ব্যবহার করেছেন। গাঢ় হলুদ আর কালোর মিশেলে ক্যানভাসে ফুটে উঠেছে ইতিহাসের সবচেয়ে নৃশংস হত্যাযজ্ঞ। গাঢ় লালে তিনি এঁকেছেন স্বাধীনতার রক্তিম সূর্যকে।

মানবের একান্ত ভাবনার জগতকে বিমূর্তধারায় তিনি তুলে আনেন ‘থিঙ্কার’ সিরিজে। প্রকৃতিপ্রেমী হামিদুজ্জামান আঁকেন পূর্ণিমা রাত আর বুড়িগঙ্গার জলবিহারের দৃশ্যাবলী। পেন্সিলে আঁকা মানুষের মুখাবয়বের কোলাজও ঠাঁই পেয়েছে এই প্রদর্শনীতে।

৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে প্রদর্শনী।