ঢাকায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত
রাজধানীর পল্টন মোড় ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন; আহত হয়েছেন এক প্রাইভেট কারের চালক।
নিহত মিজানুর রহমানের (৬৮) বাসা ঢাকার ওয়ারীতে। শুক্রবার সকালে মোটর সাইকেল চালিয়ে বানানীর দিকে যাওয়ার সময় তিনি দুর্ঘটনায় পড়েন বলে শাহবাগ থানার ওসি মো. আবুল হাসান জানান।
আহত প্রাইভেট কার চালক লেনিন শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শাহবাগের ওসি বলেন, পল্টন মোড়ে একটি ট্রাক পেছন থেকে একটি প্রাইভেট কার ও একটি মোটর সাইকেলকে ধাক্কা দিলে দুজন আহত হন।
তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিজানুরকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই চালক ট্রাক ফেলে পালিয়ে যায় বলে জানিয়েছেন ওসি।
