দায়িত্বরত প্রধান বিচারপতি হিসেবে প্রথম উন্মুক্ত অনুষ্ঠানে ওয়াহহাব মিঞা
বিচারপতি এস কে সিনহার অনুপস্থিতিতে প্রধান বিচারপতির কাজের ভার নেওয়া বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা আদালতের বাইরের প্রথম উন্মুক্ত কোনো অনুষ্ঠানে যোগ দিলেন বৃহস্পতিবার।
শহীদ শফিউর রহমান মিলনায়তনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ‘বিজয়া পুনর্মিলনী পরিষদ’র উদ্যোগে আয়োজিত ‘বিজয়া পুর্নমিলনী’ অনুষ্ঠানে তিনি রাষ্ট্রীয় আদর্শে ধর্ম নিরপেক্ষতা ধরে রাখার উপর জোর দেন।
ব্যাপক আলোচনার মধ্যে বিচারপতি সিনহা ছুটিতে যাওয়ার পর রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনের ভার দেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারক বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞাকে।
গত ৩ অক্টোবর দায়িত্ব নেওয়ার পর আদালতের নিয়মিত কার্যক্রমের বাইরে কয়েকটি ফুল কোর্ট সভা করেন তিনি। এছাড়া বাংলাদেশ-রাশিয়ার বিচার বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি যোগ দেন।
বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা
এরপর বৃহস্পতিবার প্রথম কোনো উন্মুক্ত অনুষ্ঠানে এসে প্রধান অতিথি হিসেবে লিখিত বক্তব্য দেন বিচারপতি ওয়াহহাব মিঞা।
তিনি বলেন, “আমাদের সংবিধানের অন্যতম স্তম্ভ হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্মীয় সকল উৎসব আয়োজনে অনুকূল পরিবেশ সৃষ্টির মাধ্যমে ধর্ম নিরপেক্ষতার প্রতি আমাদের অঙ্গীকার দৃঢ়তম হয়।
“ধর্ম ব্যক্তি বিশেষের জন্য স্বতন্ত্র নয়, ধর্ম কোনো রকম বৈষম্য সৃষ্টি করে না। ধর্মের গ্রহণ-বর্জন এবং ধর্মের আবেদন সকলের জন্য সমান। এমনকি ধর্মের অধিকারও সকলের জন্য সমান। ধর্ম জাত-পাত চিনবে না। জাত-পাত বিচারও করবে না। ধর্ম নারী পুরুষ বিভাজন করবে না, করে না।”
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “আমাদের দেশটি সত্যিকারভাবে ধর্মনিরপেক্ষ দেশ। কিন্তু অনেক সময় আমাদের খারাপ উদ্দেশ্য ধর্মীয় চেতনাকে ছাপিয়ে যায়। সে থেকে আমাদের মুক্ত থাকতে হবে।”
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন সভাপতির বক্তব্যে বলেন, “সমিতি ধর্ম বা রাজনীতির দিক বিচার-বিবেচনা করে না। অতীতে যেমন দলমত নির্বিশেষে কার্যক্রম পরিচালনা করেছে, ভবিষ্যতেও করবে। আসুন আমরা আইনের শাসন প্রতিষ্ঠায় এই চেতনাকে ধারণ করে এগিয়ে যাই।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাই কোর্ট বিভাগের বিচারপতি সৌমেন্দ্র সরকার, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, স্বামী ধ্রুবেশানন্দ মহারাজ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন।
