মীনা বাজারকে ফের জরিমানা
সিগারেটের বিজ্ঞাপন প্রচার করায় সুপারশপ মীনাবাজারের মোহাম্মদপুর শাখা ব্যবস্থাপককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
একই অপরাধে আগের দিন মীনাবাজারের মিরপুর শাখার ব্যবস্থাপককে জরিমানা করা হয়েছিল।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অজিয়র রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এপিবিএন পুলিশের সহায়তায় মোহাম্মদপুরের আসাদ এভিনিউয়ের সলিমুল্লাহ সড়কে মীনা বাজারে বৃহস্পতিবার অভিযান চালানো হয়।
“সেখানে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন অমান্য করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বেনসন অ্যান্ড হেজেস’র বিজ্ঞাপন প্রচার করায় এক লাখ টাকা জরিমানা করা হয়।”
পরে ওই বিজ্ঞাপনটি ধ্বংস করা হয়।
বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার একই অপরাধে মীনা বাজারের মিরপুরের একটি শাখা ব্যবস্থাপককে এক লাখ টাকা জরিমানা করেন।
