‘সমাজতন্ত্র না থাকায় মৌলবাদ-উগ্রবাদের উত্থান’
সমাজতন্ত্র না থাকায় এখন বিশ্বে মৌলবাদ ও উগ্রবাদের উত্থান ঘটছে বলে মনে করেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।
অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের শতবর্ষ উদযাপন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
পুঁজিবাদের কারণে বর্তমান বিশ্বে অনাচার, বৈষম্য, নিপীড়ন ঘটছে মন্তব্য করে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, মানুষের সম্মিলিত প্রতিরোধে নিগ্রহের এই ব্যবস্থার পতন ঘটবে।
তিনি বলেন, “সমাজতন্ত্র থেকে সরে আসার ফল হল বর্ণবাদ, মৌলবাদ, উগ্রবাদ আর নারী নির্যাতন। এসব ঘটনা এখন চরমভাবে বিস্তৃত হচ্ছে। এই যে রোহিঙ্গা নির্যাতন হচ্ছে মিয়ানমারে, এটা কিন্তু পুঁজিবাদী সমাজব্যবস্থার কারণেই ঘটছে।”
সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “মানব-সভ্যতার ইতিহাসে অক্টোবর বিপ্লব এক বড় ঘটনা। নানা কারণে রুশ দেশে সমাজতান্ত্রিক বিপ্লব স্থায়ী হয়নি, কিন্তু এই বিপ্লব ভ্রাতৃত্ব, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সব সময় অন্তহীন প্রেরণা হয়ে কাজ করে যাবে।”
অধ্যাপক যতীন সরকারের লেখা ‘অক্টোবর বিপ্লব: ফিরে দেখা ও সামনে তাকানো’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন বাংলা একাডেমির কর্মকর্তা মোহাম্মদ তানভীর আহমেদ।
ভোগবাদ আর মৌলবাদ-দুইই সন্ত্রাস-নৈরাজ্যেও ইন্ধন জোগায় মন্তব্য করে যতীন সরকার বলেন, “ধনতন্ত্রী সাম্রাজ্যবাদের হাতেই সৃষ্ট ও লালিত-পালিত হয়েছে ধর্মতন্ত্রী মৌলবাদ। একুশ শতকের শুরুতে এসে সাম্রাজ্যবাদ ও মৌলবাদের যে আপাত-দ্বন্দ্ব দৃশ্যমান হয়ে উঠেছে, তাতে এই দুয়ের কোনো পক্ষকেই সমর্থন করার কোনো যৌক্তিকতা নেই। দুই-ই মানবসভ্যতার শত্রু। দুই-ই সুস্থ ও সুষ্ঠু মানববিকাশের পথের প্রতিবন্ধক।
“দুইয়ের বিরুদ্ধেই আমাদের আজকের লড়াই। অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লবের শতবার্ষিকীতে সে-লড়াইয়ের পথ ও পদ্ধতির সন্ধান করতে হবে।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক হায়াৎ মামুদ ও মফিদুল হক।
