তামাকবিরোধীদের প্রতিবাদে বুয়েটে ‘ব্যাটল অব মাইন্ড’ রোড শো বন্ধ
তামাকবিরোধীদের প্রতিবাদের মুখে ‘ব্যাটল অব মাইন্ড ২০১৭’ এর ক্যাম্পাসভিত্তিক রোড শো অনুষ্ঠান বাতিল করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েট।
প্রতিবছরের মতো এবারও গত ১০ অক্টোবর থেকে ‘ব্যাটল অব মাইন্ড ২০১৭’ আয়োজন শুরু করে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবি)। এরই অংশ হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এধরনের প্রচারণামূলক রোড শো আয়োজন করা হয়।
বুয়েটে রোড শো বন্ধে বুধবার সকালে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে তামাকবিরোধী সংগঠন প্রত্যাশা, এইড ফাউন্ডেশন, একলাব, ডব্লিউবিবি ট্রাস্ট, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস, বাংলাদেশ তামাকবিরোধী জোট, তামাকবিরোধী নারী জোট- তাবিনাজ, ঢাকা আহছানিয়া মিশন, টোব্যাকো কন্ট্রোল রিসার্চ সেল- টিসিআরসি ও প্রজ্ঞা।
প্রজ্ঞার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোডশো বন্ধের জন্য প্রতিবাদ কর্মসূচির পাশপাশি বুয়েটের উপাচার্যের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোডশো বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়।
এই রোড শো আয়োজনের ক্ষেত্রে বিএটিবি কর্মসংস্থানের কথা জানালেও প্রজ্ঞাসহ সমমনা সংগঠনগুলোর দাবি, তরুণ প্রজন্মকে ধূমপানে আকৃষ্ট এবং নীতিপ্রণেতাদের প্রভাবিত করতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
